উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গরমে বাঙালির হেঁশেলে সবথেকে বেশি যে সবজিটির কদর থাকে, তা হল জলভরা লাউ। পেট ঠান্ডা রাখতে এবং শরীরকে চাঙ্গা রাখতে লাউয়ের জুড়ি মেলা ভার। তবে রোজকার একঘেয়ে লাউয়ের তরকারি বা ডালের বাইরে ছুটির দিনে পাতে একটু ভিন্ন স্বাদের ছোঁয়া আনতে বানিয়ে নিতে পারেন সুস্বাদু ও সুগন্ধি ‘লাউয়ের ডালনা’। ঘিয়ে-দুধে মাখা এই পদটি গরম ভাতের সঙ্গে খাওয়ার আনন্দই আলাদা (Recipe)।
প্রয়োজনীয় উপকরণ:
৫০০ গ্রাম কুচোনো লাউ
আধ কাপ দুধ
২ টেবিল চামচ ঘি
আধ চা চামচ মেথি দানা
১ চা চামচ গোটা জিরে
১০টি গোলমরিচ দানা
৮টি লবঙ্গ
এক চিমটে ভাঙা দারচিনি
২টি কালো এলাচ
৬ থেকে ৭টি কাঁচা লংকা
স্বাদমতো নুন
১ চা চামচ চিনি
ধনেপাতাকুচিও
প্রণালী:
প্রথমে কড়াইয়ে খাঁটি ঘি গরম করে তাতে মেথি, জিরে, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এবং কালো এলাচ ফোড়ন দিন। মশলার রং গাঢ় হয়ে এলে তাতে চেরা কাঁচা লংকা দিয়ে দিন। এরপর কুচোনো লাউ ও পরিমাণমতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে লাউয়ের প্রতি টুকরো ঘিয়ে ভালোভাবে মাখামাখি হয়ে যায়। এই সময় গ্যাসের আঁচ বাড়িয়ে রাখতে হবে।
কিছুক্ষণ পর আঁচ কমিয়ে কড়াই ঢাকা দিয়ে দিন। লাউ থেকে জল বেরিয়ে নরম হওয়া পর্যন্ত রান্নাটি হতে দিন। লাউ সেদ্ধ হয়ে এলে তাতে চিনি এবং আধ কাপ দুধ মিশিয়ে দিন। এবার মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন, যাতে অতিরিক্ত জলভাব দূর হয়ে পদটি একদম মাখা মাখা রূপ নেয়। এই রান্নার মূল বৈশিষ্ট্যই হল এর সুবাস এবং মাখা মাখা টেক্সচার।
রান্না সম্পূর্ণ হলে গ্যাস বন্ধ করে উপর থেকে সামান্য ধনেপাতাকুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রাজকীয় লাউয়ের ডালনা। দুপুরের খাবারে এটি পরিবারের সকলের মন জয় করে নেবে নিশ্চিত।

