উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ির মেনুতে ফিশ ফ্রাই মানেই সচরাচর ভেটকির রাজত্ব। আবার ঘরোয়া আড্ডায় তোপসে কিংবা লটে মাছের ফ্রাইয়ের চলও বেশ পুরোনো। তবে চেনা ছকের বাইরে বেরিয়ে স্বাদ বদলাতে এবার ট্রাই করতে পারেন বাটা মাছের ব্যাটার ফ্রাই (Recipe)। ডাল-ভাতের সঙ্গে হোক বা বিকেলের আড্ডায়—এই পদটি কিন্তু টেক্কা দেবে নামী রেস্তোরাঁকেও।
উপকরণ:
৫-৬টি মাঝারি মাপের বাটা মাছ
১টি গন্ধরাজ লেবু (রস ও জেস্ট)
আদা-রসুন বাটা (১ টেবিল চামচ)
ধনেপাতা ও কাঁচা লংকা বাটা (১ টেবিল চামচ)
হলুদ ও নুন স্বাদমতো
ময়দা (আধ কাপ)
কর্নফ্লাওয়ার (১/৪ কাপ)
১টি ডিম
গলানো মাখন (২ টেবিল চামচ)
গোলমরিচ গুঁড়ো (১ টেবিল চামচ)
বেকিং সোডা (আধ চা-চামচ)
ব্যাটার গোলার জন্য বরফ জল
সাদা তেল।
প্রণালী
প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। মশলা যেন মাছের গভীরে পৌঁছায়, তার জন্য মাছের গায়ে ছুরি দিয়ে সামান্য চিরে দিন। মাছে গন্ধরাজ লেবুর রস ও খোসা গ্রেট করে দিন। এরপর আদা-রসুন বাটা, লংকা বাটা, নুন, হলুদ ও সামান্য সর্ষের তেল মাখিয়ে অন্তত এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। ভাজার ঠিক আগে ব্যাটার তৈরি করুন। একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, মাখন, গোলমরিচ ও বেকিং সোডা মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে বরফ জল দিয়ে এমনভাবে গুলুন যাতে ব্যাটার খুব ঘন বা পাতলা না হয়। এরপর কড়াইতে সাদা তেল গরম হলে ম্যারিনেট করা মাছগুলো ব্যাটারে ডুবিয়ে ছাঁকা তেলে লালচে করে ভেজে নিন।
গরম গরম ভাতের সঙ্গে এই ব্যাটার ফ্রাই যেমন জমে যাবে, তেমনই সন্ধ্যার আড্ডায় কাসুন্দি, পেঁয়াজকুচি আর মেয়োনিজের সঙ্গে পরিবেশন করলে প্রশংসা পাবেনই। বাটা মাছের এমন রাজকীয় রূপ এর আগে হয়তো অনেকেই দেখেননি!
