Recipe | বাজারচলতি ভাজাভুজি নয়, বাড়িতেই বানিয়ে নিন কাঁচকলার চিপস

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্যাকেটবন্দি চিপস বা ভাজাভুজি স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, তা কমবেশি সকলেরই জানা। প্রক্রিয়াজাত খাবারের বদলে অনেকেই এখন স্বাস্থ্যকর বিকল্প খুঁজছেন। দক্ষিণ ভারতের কলার চিপস বেশ জনপ্রিয় হলেও প্যাকেটজাত হওয়ায় তা পুরোপুরি স্বাস্থ্যকর নয়। তবে চিন্তা নেই, বাজারের চিপস বাদ দিয়ে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন সুস্বাদু কাঁচকলার চিপস (Recipe)।

কাঁচকলায় কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যন্ত কম এবং এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও নানা খনিজ উপাদান রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো, কাঁচকলার চিপস ভেজে রাখলে সহজে মিইয়ে যায় না। ফলে একসঙ্গে অনেকটা বানিয়ে এয়ার টাইট কৌটোতে সংরক্ষণ করা যায়।

কীভাবে বানাবেন?

প্রথমে ৪টি কাঁচকলার খোসা ছাড়িয়ে খুব পাতলা করে গোল গোল স্লাইস করে কেটে নিন। কাটা টুকরোগুলো প্রায় ১০ মিনিট জলে ভিজিয়ে রেখে জল ভালোভাবে ঝরিয়ে নিন। এরপর একটি বড় থালায় কলার টুকরোগুলো ছড়িয়ে তার ওপর শুকনো কাপড় বা খবরের কাগজ চাপা দিন, যাতে অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়।

এবারে কড়াইতে পরিমাণমতো সাদা তেল গরম করে কম আঁচে কলার টুকরোগুলো অল্প অল্প করে সোনালি রং করে ভেজে তুলুন। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে পেপার টাওয়েলের উপর রাখুন যাতে বাড়তি তেল ঝরে যায়। একদম শেষে এর ওপর পরিমাণমতো নুন, আধ চা চামচ গোলমরিচ গুঁড়ো, পাপরিকা গুঁড়ো এবং স্বাদ বাড়ানোর জন্য একটু চাট মশলা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঠান্ডা হলে এয়ার টাইট কৌটোতে ভরে রেখে দীর্ঘদিন এই মুচমুচে চিপস উপভোগ করতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *