উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একেবারে জম্পেশ একটা রেসিপি! উত্তর কলকাতা হোক বা দক্ষিণ রবিবার সকাল মানেই পাড়ার দোকানের সেই কড়কড়ে হিংয়ের কচুরি আর ঝাল ঝাল আলুর তরকারি। ঠিক দোকানের মতো সেই সুগন্ধ আর খাস্তা ভাব বাড়িতে আনতে চাইলে এই নিন একদম সহজ টিপস।
কী কী লাগবে?
-
ময়দা: ৫০০ গ্রাম (ময়ানটা ঠিকঠাক হওয়া চাই)
-
বিউলির ডাল: এক কাপ (ভিজিয়ে রাখা)
-
হিং: একটু বেশি করে (দোকানের মতো গন্ধ পেতে হলে মাস্ট)
-
আদা ও কাঁচা লঙ্কা বাটা: পরিমাণমতো
-
মৌরি গুঁড়ো: ১ চামচ
-
সাদা তেল: ভাজার জন্য ও ময়ানের জন্য
-
নুন ও চিনি: স্বাদের ব্যালেন্স রাখতে
তৈরির কায়দা:
১. ডালের পুর তৈরি: আগের রাতে ভেজানো বিউলির ডালটা কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে বেটে নিন। এবার কড়াইতে তেল দিয়ে তাতে অনেকটা হিং আর মৌরি গুঁড়ো ফোড়ন দিন। ডাল বাটা আর আদা বাটা দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না কড়াই থেকে ডালটা ছেড়ে আসছে। নামানোর আগে নুন-চিনি দিয়ে একটা মণ্ড তৈরি করে ঠান্ডা হতে দিন।
২. ময়দার ময়ান: ময়দায় নুন আর বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে ‘ময়ান’ দিন। মুঠোর মধ্যে ধরলে যদি ময়দাটা ডেলা পেকে যায়, বুঝবেন ময়ান যুৎসই হয়েছে। এবার হালকা গরম জল দিয়ে একটু নরম করে মেখে ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
৩. পুর ভরা: লেচি কেটে বাটির মতো গোল করে নিন। তার ভেতর ঠান্ডা হওয়া ডালের পুর দিয়ে মুখটা ভালো করে চেপে বন্ধ করুন। বেলার সময় হালকা করে তেল মাখিয়ে আলতো হাতে বেলুন, যাতে পুর বাইরে বেরিয়ে না আসে।
৪. কড়কড়ে করে ভাজা: কড়াইতে তেল একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে আঁচটা একটু কমিয়ে দিন। এবার একটা একটা করে কচুরি ছাড়ুন আর খুন্তি দিয়ে আলতো করে চেপে ফুলিয়ে নিন। দু’পিঠ লালচে আর খাস্তা করে ভাজলেই তৈরি!
