উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাজারে এখন হিমসাগর থেকে ল্যাংড়া, নানারকমের আমের মেলা। আম খাওয়ার পর খোসাগুলো ডাস্টবিনে ফেলে দেওয়াই আমাদের চেনা অভ্যেস। কিন্তু জানেন কি, পুষ্টিগুণে ভরপুর এই খোসা ফেলে না দিয়ে তা দিয়েই বানিয়ে ফেলা যায় চমৎকার সব খাবার? রান্নার স্বাদ বদলাতে এবং অপচয় রুখতে আমের খোসা দিয়ে তৈরি করে নিন এই ৩টি সুস্বাদু পদ (Recipe)।
জিভে জল আনা আচার
শুধু কাঁচা আম নয়, পাকা আমের খোসা দিয়েও বানানো যায় চমৎকার আচার। এর জন্য আমের খোসাগুলি প্রথমে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর একটি কাচের শিশিতে ভিনিগার, নুন, চিনি এবং পছন্দসই আচারি মশলা দিয়ে খোসাগুলো ভরে রাখুন। কড়া রোদে কয়েক সপ্তাহ রেখে মজিয়ে নিলেই তৈরি জিভে জল আনা আচার।
মুচমুচে আমের ক্যান্ডি
মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আমের খোসার ক্যান্ডি। খোসাগুলি প্রথমে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। এবার কড়াইতে চিনি ও জল ফুটিয়ে একটি ঘন রস তৈরি করুন। সেই রসে সেদ্ধ খোসাগুলো দিয়ে ততক্ষণ ফোটান, যতক্ষণ না রস শুকিয়ে খোসার গায়ে জড়িয়ে যাচ্ছে। এবার একটি ট্রে-তে খোসাগুলো আলাদা করে ছড়িয়ে ঠান্ডা করে নিলেই তৈরি মুচমুচে ক্যান্ডি।
আমের খোসার চটকদার সবজি
শুনতে অবাক লাগলেও রাজস্থানি পরিবারে এই পদের দারুণ চল রয়েছে। প্রথমে আমের খোসাগুলি প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে পাঁচফোড়ন ও হরেক রকম মশলা দিয়ে কষিয়ে নিন। মশলা কষে এলে সেদ্ধ খোসাগুলো দিয়ে দিন। সবশেষে ওপর থেকে পাকা আমের কুচি, আমচুর পাউডার আর সামান্য চিনি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি টক-ঝাল-মিষ্টি আমের খোসার সবজি।
টিপস:
রান্নার আগে আমের খোসাগুলি ভালো করে ধুয়ে নেওয়া জরুরি, যাতে কোনও রাসায়নিক বা নোংরা না থাকে। এবার থেকে আম খেয়ে খোসা ফেলার আগে অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করে দেখুন।
