উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছুটির বিকেল কিংবা উৎসবের আমেজ—বাঙালির আড্ডায় মিষ্টির কদর চিরন্তন। দোকানের কাঁচের তাকে সাজানো চিনির রসে ডুবানো মুচমুচে গজা দেখলে জিভে জল আসবেই। অনেকে মনে করেন, বাড়ির হেঁশেলে দোকানের মতো ‘লেয়ার’ তৈরি করা বেশ কঠিন। কিন্তু সামান্য কিছু কৌশল অবলম্বন করলেই বাড়িতে বানানো যায় দোকানের মতোই পারফেক্ট গজা (Recipe)।
উপকরণ:
ময়দা (২ কাপ)
ঘি বা সাদা তেল (ময়ানের জন্য ৪ টেবিল চামচ)
বেকিং পাউডার (এক চিমটে)
নুন (স্বাদমতো)
ঠান্ডা জল (মাখার জন্য)
ভাজার জন্য সাদা তেল
চিনির রসের জন্য প্রয়োজন চিনি (দেড় কাপ)
জল (১ কাপ)
এলাচ
প্রণালী:
একটি বড় পাত্রে ময়দা, বেকিং পাউডার ও নুন মিশিয়ে ঘি দিয়ে ভালো করে ‘ময়ান’ দিয়ে নিন। হাতের মুঠোয় ময়দা দলা পাকিয়ে গেলে বুঝবেন মিশ্রণটি ঠিক আছে। এবার ঠান্ডা জল দিয়ে খুব শক্ত একটি ডো তৈরি করুন। মনে রাখবেন, ময়দা মাখার সময় লুচির মতো ঠেসে মাখা যাবে না। ১৫ মিনিট ভেজা কাপড়ে ঢেকে রাখুন।
গজার আসল রহস্য লুকিয়ে আছে ভাঁজ পদ্ধতিতে। ডো-টি মোটা করে বেলে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে এক অংশ অন্যটির ওপর রাখুন। এই প্রক্রিয়াটি ৫-৬ বার পুনরাবৃত্তি করুন। এতেই গজার ভেতর নিখুঁত স্তর তৈরি হবে। এরপর ১ ইঞ্চি পুরু করে বেলে পছন্দমতো চৌকো আকারে কেটে নিন।
এরপর কড়াইতে তেল খুব হালকা গরম করে ধিমে আঁচে গজাগুলো ভাজুন। তাড়াহুড়ো করলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। সোনালি রঙ ধরলে তুলে নিন। এবার অন্য পাত্রে চিনি, জল ও এলাচ দিয়ে ঘন রস তৈরি করে নিন। গ্যাস বন্ধ করে হালকা গরম রসে ভাজা গজাগুলো পাঁচ মিনিট ডুবিয়ে রাখুন।
ব্যাস! ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে রসে টইটম্বুর গজা তৈরি। ঠান্ডা করে এয়ার টাইট কন্টেনারে রাখলে এটি বেশ কয়েকদিন টাটকা থাকে। এখন থেকে দোকানের ওপর নির্ভর না করে আপন হাতেই মিষ্টিমুখ করান আপনার প্রিয়জনকে।

