উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ মানেই বাঙালির পাতে নানাবিধ মুখরোচক পদের সমাহার। তবে এই সময়েই ঘরে ঘরে হানা দেয় সর্দি-কাশি ও ঠান্ডা লাগার সমস্যা। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং মুখের স্বাদ ফেরাতে ভেষজ গুণসম্পন্ন কালোজিরের ভর্তা হতে পারে আপনার সেরা পথ্য। নামমাত্র উপকরণে ও খুব কম পরিশ্রমে বানিয়ে নেওয়া যায় এই উপাদেয় পদটি (Recipe)।
উপকরণ:
৫০ গ্রাম কালোজিরে
২ টেবিল চামচ সর্ষের তেল
৪-৫টি শুকনো লংকা (ঝাল অনুযায়ী)
আধ কাপ পেঁয়াজকুচি
৬-৭ কোয়া রসুন
স্বাদমতো নুন
প্রণালী:
প্রথমেই কড়াইয়ে ঢিমে আঁচে কালোজিরেগুলি শুকনো খোলায় ভেজে নিন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, কারণ কালোজিরে বেশি ভাজা হলে তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। জিরে থেকে সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে শুকনো লংকা ভেজে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজকুচি ও রসুন কোয়া হালকা বাদামি করে ভেজে নিন।
এবার ঠান্ডা হওয়া কালোজিরে মিক্সিতে বা শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নিন। এরপর সেটি একটি পাত্রে তুলে রাখুন। এরপর ভাজা লংকা, পেঁয়াজ, রসুন, নুন ও সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সবশেষে ওই মিশ্রণে আগে থেকে রাখা কালোজিরে গুঁড়ো মিশিয়ে আরও একবার বেটে নিন। মিশ্রণটি যেন হালকা আঠালো হয়। বেশি শুকনো মনে হলে সামান্য সর্ষের তেল যোগ করতে পারেন।
পরিবেশনের আগে হাতে গোল মণ্ড পাকিয়ে উপরে কাঁচা লংকা বা ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। শীতের অলস দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই কালোজিরে ভর্তা একদিকে যেমন শরীরে উষ্ণতা জোগাবে, অন্যদিকে আপনার রুচিও ফেরাবে। চটজলদি এই পদটি আজই ট্রাই করে দেখতে পারেন।
