Recipe | চিনি-গুড় ছাড়াই মিষ্টিমুখ! ওজন কমাতে পাতে রাখুন স্বাস্থ্যকর ‘গ্রিন মুগ লাড্ডু’

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিত্যদিনের জীবনে মিষ্টি খাওয়ার লোভ সংবরণ করা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যাঁদের ডায়াবিটিস রয়েছে কিংবা যাঁরা নিয়মিত ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁদের ক্ষেত্রে চিকিৎসকের বারণ যেন সবচেয়ে বড় বাধা। তবে মিষ্টি খাওয়ার সেই প্রবল ইচ্ছে মেটাতে আর মন খারাপ করতে হবে না। চিনি কিংবা গুড়—কোনোটির ব্যবহার ছাড়াই এখন ঘরে তৈরি করে নিতে পারেন অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর ‘গ্রিন মুগ লাড্ডু’। স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং ফাইবারে ভরপুর এই লাড্ডু ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরকে সতেজ ও চাঙ্গা রাখতে দারুণ কার্যকরী (Recipe)।

প্রয়োজনীয় উপকরণ: এই বিশেষ লাড্ডু তৈরির জন্য লাগবে— ১ কাপ ভিজিয়ে রাখা সবুজ মুগ ডাল, ৩ টেবিলচামচ করে ভাঙা আমন্ড, কাজুবাদাম ও আখরোট, ২ টেবিলচামচ ভাঙা পেস্তা, ২ টেবিলচামচ কুমড়োর বীজ, ২ টেবিলচামচ সূর্যমুখীর বীজ, ১ টেবিলচামচ চিয়া সিড, ১ টেবিলচামচ তিসি, ২ টেবিলচামচ কুচানো কিশমিশ, ৮–১০টি বীজ ছাড়া খেজুর, অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো এবং ২ টেবিলচামচ ঘি।

প্রস্তুত প্রণালী:

প্রথমে ভিজিয়ে রাখা মুগ ডালের জল ভালোভাবে ঝরিয়ে মাঝারি আঁচে শুকনো খোলায় ভেজে নিন। হালকা সুগন্ধ বের হলে নামিয়ে ঠান্ডা করে মিক্সারে আধ-ভাঙা বা দানা দানা করে গুঁড়ো করে নিন। এবার সমস্ত বাদাম ও বীজ (চিয়া সিড শেষে দিয়ে) শুকনো খোলায় কম আঁচে ভেজে মিক্সারে একটু দরদরে করে গুঁড়ো করুন।

এরপর পাত্রে ঘি গরম করে খেজুর ও কিশমিশ ২–৩ মিনিট নাড়ুন। নরম ও আঠালো হয়ে এলে গ্যাস বন্ধ করে তাতে ভাজা মুগ ডাল, বাদাম ও বীজের গুঁড়ো এবং এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি হালকা গরম থাকতেই হাতের তালুতে চেপে চেপে গোল লাড্ডুর আকার গড়ে নিন। ঠান্ডা হলে আঠালোভাব বেড়ে যাবে, তাই ইষদুষ্ণ অবস্থাতেই তৈরি করা প্রয়োজন।

তৈরি হয়ে গেলে লাড্ডুগুলি এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। বিকেলের স্ন্যাকস বা খাবার শেষের স্বাস্থ্যকর মিষ্টি হিসেবে নির্দ্বিধায় উপভোগ করুন এই পুষ্টিকর গ্রিন মুগ লাড্ডু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *