উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেল হোক বা যেকোনো আনন্দের মুহূর্ত, চা বা কফির সঙ্গে একটু মুখরোচক স্ন্যাকস না হলে আড্ডাটা ঠিক জমে না। আর সেই স্ন্যাকস যদি হয় রেস্তোরাঁ স্টাইলের গরম গরম ‘চিকেন ললিপপ’, তবে তো আর কথাই নেই! এবার দোকান থেকে না কিনে, খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়েই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই জনপ্রিয় পদটি (Recipe)।
প্রয়োজনীয় উপকরণ:
চিকেন ললিপপ (৫০০ গ্রাম), আদা ও রসুনকুচি, পেঁয়াজকুচি, স্প্রিং অনিয়ন, ডিম, কর্নফ্লাওয়ার, সোয়া সস, টমেটো সস, রেড চিলি সস, শুকনো লংকার পেস্ট, গোলমরিচ গুঁড়ো, তেল ও স্বাদমতো নুন
প্রণালী:
প্রথমে ললিপপের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর তাতে নুন, আদা-রসুন বাটা, এক চামচ সোয়া সস, গোলমরিচ গুঁড়ো, ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে ৩০ মিনিটের জন্য ফ্রিজে ম্যারিনেট হতে দিন। ম্যারিনেশনের সময়ে সসটি তৈরি করে নিন। একটি পাত্রে ১ চামচ করে সোয়া সস, টমেটো সস, রেড চিলি সস ও শুকনো লংকার পেস্ট একসঙ্গে মিশিয়ে নিন।
এরপর কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা চিকেন ললিপপগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই মিহি করে কুচোনো রসুন, আদা ও পেঁয়াজ দিয়ে হালকা বাদামী করে সাঁতলে নিন। এরপর বানিয়ে রাখা সসের মিশ্রণ এবং স্প্রিং অনিয়ন যোগ করুন। সামান্য জল দিয়ে মশলা ও সস ভালো করে কষিয়ে নিন। প্রয়োজনে স্বাদমতো নুন ও গোলমরিচ গুঁড়ো দিন। সস গা মাখা হয়ে এলে ভেজে রাখা চিকেন ললিপপগুলো দিয়ে দিন। ২ থেকে ৩ মিনিট ভালো করে নেড়েচেড়ে মশলা মাখিয়ে নিলেই তৈরি সুস্বাদু চিকেন ললিপপ।

