Mohun Bagan | আইএসএলের আগে বড় চমক মোহনবাগানের! সবুজ-মেরুনে যোগ দিলেন স্কটিশ স্ট্রাইকার লি এরউইন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বড়সড় চমক মোহনবাগান শিবিরের! ইস্টবেঙ্গলের সঙ্গে পাল্লা দিয়ে আইএসএলের (ISL) নতুন মরসুমের আগে নিজেদের আক্রমণভাগ আরও শক্তিশালী করে নিল শতাব্দীপ্রাচীন এই ক্লাব। স্কটল্যান্ডের যুব দল থেকে শুরু করে ইউরোপ ও এশিয়ার নামী ক্লাবে খেলা ৩২ বছর বয়সি অভিজ্ঞ স্ট্রাইকার লি এরউইনকে সই করাল সবুজ-মেরুন শিবির। এক বছরের চুক্তিতে মোহনবাগানে (Mohun Bagan) যোগ দেওয়া এই স্কটিশ ফরোয়ার্ড সোমবার রাতেই পা রাখছেন তিলোত্তমা রাজধানীতে। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকেই দলের অনুশীলনে নেমে পড়তে পারেন তিনি।

৬ ফুট ২ ইঞ্চির দীর্ঘদেহী এই ফুটবলার গোল করার দক্ষতার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করতে পটু। সেটপিসেও তাঁর কার্যকারিতা দলের বড় সম্পদ হতে চলেছে। এর আগে জর্ডনের শীর্ষস্থানীয় ক্লাব ‘আল ফয়সলি’-তে খেলা এরউইনের ঝুলিতে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। সুদূর স্কটল্যান্ড থেকে ভারতে আসার নেপথ্যে মোহনবাগানের ঐতিহ্য ও পেশাদারিত্বই মূল ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

একাধিক আইএসএল ক্লাবের প্রস্তাব থাকলেও কেন তিনি মেরিনার্সদের বেছে নিলেন, সেই প্রসঙ্গে এরউইন (Lee Erwin) বলেন, ‘‘আমি এই প্রথম ভারতে খেলতে নামছি। আমার কাছে বেশ কয়েকটি আইএসএল ক্লাবের প্রস্তাব ছিল, তবে মোহনবাগান দেশের সবচেয়ে বড় ক্লাব, তাই আমি তাদের প্রস্তাব গ্রহণ করে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। যে স্কটিশ বন্ধুরা এর আগে ভারতে খেলেছেন, তাঁরা জানিয়েছেন, মোহনবাগান সুপার জায়ান্টের পেশাদারিত্ব বা দর্শন বিশ্ব ফুটবলের যে কোনও ক্লাবকে টেক্কা দিতে পারে। তা ছাড়া, সাফল্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের দিক থেকে মোহনবাগানের সঙ্গে খুব কম ক্লাবেরই তুলনা চলে। এই ক্লাবের প্রতি সদস্য ও সমর্থকদের আবেগ, সমর্থন এবং ভালোবাসাই আমার সবুজ-মেরুন জার্সি গায়ে চাপানোর অন্যতম প্রধান কারণ।’’

উল্লেখ্য, সুদীর্ঘ পেশাদার ক্যারিয়ারে লিডস ইউনাইটেড, মাদারওয়েল, বারি এফসি এবং ট্র্যাক্টর এফসির মতো হাই-প্রোফাইল ক্লাবে খেলেছেন তিনি। স্কটিশ যুব দলের এই প্রাক্তন ফুটবলারের অভিজ্ঞতা এবং গোল করার ক্ষিপ্রতা যে আসন্ন আইএসএলে মোহনবাগান আক্রমণকে অন্য উচ্চতায় নিয়ে যাবে, তা বলাই বাহুল্য। নিজের সমস্ত অভিজ্ঞতা সতীর্থদের সঙ্গে ভাগ করে নিয়ে দলকে ট্রফি জেতানোই এখন তাঁর জীবনের একমাত্র লক্ষ্য বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এরউইন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *