উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শরীর সুস্থ রাখতে প্রোটিনের পাশাপাশি পর্যাপ্ত সব্জি খাওয়া একান্ত জরুরি। কিন্তু মুশকিল হলো, ছোটদের পাতে আনাজ দেখলেই তাদের মুখ ভার হয়ে যায়। বড়দের ক্ষেত্রেও রোজকার একঘেয়ে তরকারি সব সময় রুচিকর ঠেকে না। তাই পুষ্টিবিদরা বলছেন, সব্জিকে যদি সুস্বাদু খাবারের মোড়কে পরিবেশন করা যায়, তবে সেই সমস্যার সমাধান সম্ভব। ব্রকোলি, পালং কিংবা বাঁধাকপি— অপছন্দের সব্জি দিয়েই বানিয়ে ফেলুন এই তিনটি আকর্ষণীয় পদ।
১. ভেজ রাভিওলি (Veg Ravioli)
পালং শাক এবং মিহি করে কুচোনো ব্রকোলি হালকা ভাপিয়ে নিন। কড়াইয়ে রসুন-লঙ্কা ফোড়ন দিয়ে তা ভেজে নিয়ে মেশান গ্রেট করা চিজ়, চিলি ফ্লেক্স ও নুন। এবার ডিম দিয়ে মাখা ময়দার লেচি ছোট লুচির মতো বেলে এই পুরটি ভরে দিন। উপর থেকে আর একটি আস্তরণ দিয়ে চারপাশ কাঁটাচামচ দিয়ে নকশা করে আটকে দিন। ফুটন্ত জলে সেদ্ধ করে পছন্দের চিজ সস বা চিলি অয়েলে নেড়ে নিলেই তৈরি বিদেশি স্বাদের ‘ভেজ রাভিওলি’।
২. রাইস পেপার ডাম্পলিং (Rice Paper Dumpling)
বাঁধাকপি, গাজর এবং সেদ্ধ সুইট কর্ন অল্প তেলে রসুন ও সয়া সস দিয়ে হালকা নেড়ে নিন। বাজার থেকে কেনা রাইস পেপার জলে ভিজিয়ে তুলে নিন। এবার মাঝখানে সব্জির পুর ভরে পুঁটলির মতো আকার দিন। ছিদ্রযুক্ত থালায় বসিয়ে ১০ মিনিট ভাপিয়ে নিলেই কেল্লাফতে! মোমোর চাটনির সঙ্গে এই ডাম্পলিং ছোটদের কাছে দারুণ জনপ্রিয় হবে।
৩. ভেজ শিক কবাব (Veg Seekh Kebab)
বাঁধাকপি, গাজর, কড়াইশুঁটি ও ক্যাপসিকাম হালকা সঁতে করে মিক্সারে ঘুরিয়ে নিন। এই মিশ্রণের সঙ্গে ভাজা বেসন, গ্রেট করা পনির, আদা-রসুন কুচি, জিরে গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে একটি মণ্ড তৈরি করুন। এবার কাঠির মধ্যে শিক কবাবের আকার দিয়ে মাখন বা তেলে উল্টে-পাল্টে সেঁকে নিলেই তৈরি জিভে জল আনা মুখরোচক কবাব।
