উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেল মানেই এক কাপ গরম চা আর তার সঙ্গে মুখরোচক কিছু ভাজাপোড়া। আর নতুন কিছু খেতে চাইলে বানিয়ে নিতে পারেন ‘পনির কুরকুরে’। বাইরের ক্রিস্পি বা মুচমুচে ভাব আর ভেতরে পনিরের নরম রসালো স্বাদ, সব মিলিয়ে এটি খেতেও হয় দুর্দান্ত। তাই বাইরে থেকে অর্ডার না করে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এই পদটি (Recipe)।
উপকরণ:
৩৫০ গ্রাম পনির
২ কাপ কর্নফ্লেক্স
আধ কাপ বেসন
১ চামচ হলুদ
ধনেগুঁড়ো
লংকার গুঁড়ো
গোলমরিচ
গরমমশলা
কসৌরি মেথি
স্বাদমতো নুন, চিনি
ভাজার জন্য সাদা তেল
প্রণালী:
প্রথমে পনিরগুলোকে আঙুলের মতো লম্বা ও আয়তাকার আকারে কেটে নিন। একটি পাত্রে ধনেগুঁড়ো, লংকার গুঁড়ো, গোলমরিচ, গরমমশলা ও কসৌরি মেথি মিশিয়ে পনিরের গায়ে সামান্য তেল ও মশলা ভালো করে মাখিয়ে নিন।
এরপর অন্য একটি পাত্রে বেসন, হলুদ, নুন, চিনি ও সামান্য লংকার গুঁড়ো জল দিয়ে এমনভাবে গুলুন যাতে মিশ্রণটি খুব ঘন বা পাতলা না হয়। মশলা মাখানো পনিরের টুকরোগুলো এই বেসনের গোলায় ডুবিয়ে নিন। অন্যদিকে একটি থালায় কর্নফ্লেক্সগুলো হালকা গুঁড়িয়ে রাখুন। বেসন মাখানো পনিরগুলো কর্নফ্লেক্সের গুঁড়োর ওপর রেখে ভালো করে চারপাশ মুড়িয়ে নিন।
সবশেষে কড়াইতে সাদা তেল গরম করে পনিরগুলো লালচে করে ভেজে তুলুন। গরম গরম পনির কুরকুরে পরিবেশন করুন কাসুন্দি বা টমেটো কেচাপের সঙ্গে। বাড়ির ছোট থেকে বড়, সবারই মন জয় করবে এই সুস্বাদু পদ।
The submit Recipe | মুচমুচে স্বাদে জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানান রেস্তোরাঁ স্টাইল ‘পনির কুরকুরে’ appeared first on Uttarbanga Sambad.
