কিশনগঞ্জ: ভারত-নেপাল সীমান্তে পাচারের আগেই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে বড় সাফল্য পেল এসএসবি (Ganja Seized SSB)। বিহারের সুপল জেলার বীরপুর সীমান্তের সাতনা বিওপি এলাকায় শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ১৭৩৩.৬ কেজি উচ্চমানের গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।
এসএসবি-র পূর্ণিয়া রেঞ্জের ডিআইজি মধুকর অমিতাভ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে নেপাল সীমান্ত দিয়ে ভারতে গাঁজার একটি বড় চালান ঢোকার পরিকল্পনা রয়েছে। এই খবরের ভিত্তিতে ৪৫ নম্বর ব্যাটালিয়নের সাতনা বিওপি-র জওয়ানরা সীমান্তে নজরদারি বাড়িয়ে দেন। শুক্রবার ভোররাতে নেপাল নম্বরের একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে সীমান্ত অতিক্রম করার সময় জওয়ানরা সেটিকে থামানোর চেষ্টা করেন।
অভিযোগ, গাড়িটি থামানোর বদলে কর্তব্যরত এক কনস্টেবলকে পিষে ফেলার চেষ্টা করে চালক। প্রবল বৃষ্টি ও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চালকসহ তিন মাদক চোরাচালানকারী গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪৭টি প্লাস্টিকের বস্তায় মোট ১৭৩৩.৬ কেজি নেপালের গাঁজা পাওয়া যায়।
এসএসবি-র কমান্ডেন্ট জগদীশ কুমার শর্মা জানান, বেশ কিছুদিন ধরেই এই সীমান্ত দিয়ে মাদক পাচারের খবর পাওয়া যাচ্ছিল। এই বড় সাফল্যের পর সীমান্ত জুড়ে পুলিশ ও এসএসবি যৌথ টহলদারি শুরু করেছে। ঘটনার তদন্ত চলছে এবং পলাতক চোরাচালানকারীদের খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
