উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিলি চিকেনপ্রেমী নন, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। এমনকি বাড়িতেও প্রায়ই তৈরি হয় চিলি চিকেন। অনেকে আবার পরোটার সঙ্গেও এই পদটি চেখে দেখতে ভালোবাসেন। তবে চিরচেনা সেই লালচে চিলি চিকেনের বাইরে এবার যদি স্বাদে একটু অন্য মোড়ক দেওয়া যায়? তাই খাবারে নতুনত্ব আনতে ঝটপট বানিয়ে ফেলুন ‘গ্রিন চিলি চিকেন’। রইল সহজ রেসিপি (Recipe)।
উপকরণ
৪০০ গ্রাম বোনলেস চিকেন
১টি ডিম
১টি পাতিলেবু
৩ টেবিল চামচ ময়দা
৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
পরিমাণমতো তেল
স্বাদমতো নুন-চিনি।
১০ কোয়া রসুন,
কাঁচা লংকা
১ মুঠো ধনেপাতা
পালংপাতা
আদা
ডুমো করে কাটা পেঁয়াজ
ক্যাপসিকাম
রসুনকুচি
শাহমরিচের গুঁড়ো
ধনেপাতা বাটা
ভিনিগার
আজিনামোটো
প্রণালী
প্রথমে মাংসের টুকরোগুলো নুন, লেবুর রস ও শাহমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার মিক্সিতে রসুন, কাঁচা লংকা, ধনেপাতা, পালংশাক, আদা এবং ডিম একসঙ্গে দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। এই সবুজ মিশ্রণটি ম্যারিনেট করা মাংসের সঙ্গে মেশান। এরপর ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে তেল গরম করে মুচমুচে পকোড়ার মতো ভেজে তুলে রাখুন।
এবার অন্য একটি পাত্রে অল্প তেল গরম করে রসুনকুচি, চেরা কাঁচা লংকা, ডুমো করে কাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে মিনিট খানেক হালকা নাড়াচাড়া করে (Sauté) নিন। এরপর কড়াইতে ভেজে রাখা চিকেন, ধনেপাতাবাটা, ভিনিগার, আজিনামোটো, নুন ও শাহমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
সবশেষে সামান্য জলে কর্নফ্লাওয়ার গুলে কড়াইতে ঢেলে দিন। গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, গরম গরম ফ্রায়েড রাইস কিংবা রুমালি রুটির সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা ‘গ্রিন চিলি চিকেন’।
