রানিগঞ্জ: পরিযায়ী শ্রমিকদের নিয়ে সুন্দরবন থেকে হরিয়ানা যাওয়ার পথে রানিগঞ্জে (Raniganj) দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। শুক্রবার গভীর রাত ২টো নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের (Bus Accident NH 19) মঙ্গলপুর শিল্প তালুক সংলগ্ন রানিগঞ্জ স্কোয়ারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় চারজন আহত হলেও বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা প্রায় ৬০ জন যাত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার রামগঙ্গা থেকে আসানসোল হয়ে ওল্ড দিল্লি ও পরে হরিয়ানার উদ্দেশ্যে যাচ্ছিল। রানিগঞ্জ স্কোয়ারের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারের ব্যানার, পোস্টার ও বিদ্যুতের খুঁটি ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আগুন লাগার আশঙ্কায় চিৎকার শুরু করেন।
এই দুর্ঘটনায় বাসের জানালার পাশে বসে থাকা এক দম্পতি, তাঁদের ছোট সন্তান এবং বাসের খালাসি সামান্য আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানিগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পরে পুলিশ (Police) ও প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের বিকল্প বাসে করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালকের অন্যমনস্কতা বা ঘুমের ঘোর থাকার কারণেই এই দুর্ঘটনা। পুলিশ বাসচালককে আটক করেছে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। স্থানীয়দের মতে, গভীর রাতে রাস্তা ফাঁকা থাকায় প্রাণহানির মতো বড় কোনও ঘটনা ঘটেনি।
