Ram mandir | রাম মন্দিরে দান আত্মসাতের অভিযোগ! এসআইটি-র তদন্তে পর্দাফাঁস, গ্রেপ্তার ২

Ram mandir | রাম মন্দিরে দান আত্মসাতের অভিযোগ! এসআইটি-র তদন্তে পর্দাফাঁস, গ্রেপ্তার ২

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ অযোধ্যার রাম মন্দিরে (Ram mandir) ভক্তদের দেওয়া দান ও উপঢৌকন চুরির অভিযোগে চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এল। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণ মোহন পান্ডের অভিযোগের ভিত্তিতে ৮ জন সহ অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে এসআইটি (SIT)।

ট্রাস্টের তরফে অভিযোগ করা হয়েছিল, একটি সুপরিকল্পিত ছকে মন্দিরের দানপাত্র ও বিভিন্ন উৎস থেকে আসা অর্থ ও সামগ্রী চুরি করা হচ্ছে। এই অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল (SIT)। এসআইটি-র প্রাথমিক রিপোর্টে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় নড়েচড়ে বসে প্রশাসন। এরপরই উত্তরপ্রদেশ সরকারের নির্দেশে রাম জন্মভূমি থানায় বিএনএস (BNS)-এর একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়।

অভিযুক্তদের তালিকায় যাদের নাম রয়েছে, তাদের মধ্যে অন্যতম অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, মণীশ যাদব, রামশঙ্কর মিশ্র, রামশঙ্কর যাদব (ওরফে টিনু), সুভাষ চন্দ্র এবং করুণেশ পাণ্ডে। এর মধ্যে অনুকল্প মিশ্র এবং লাভকুশ মিশ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকে বেশ কিছু অর্থও উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় যুক্ত থাকা আরও ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশি নথি অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩০৬, ৩১৬(৫), ৩১৭(৪), ৩১৭(৫), ৬১ এবং ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এতে ইচ্ছাকৃত চুরি, অভ্যাসগত চুরি, চুরিতে সহায়তা, সরকারি কর্মচারী বা ট্রাস্টের কর্মীর বিশ্বাসভঙ্গ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

ট্রাস্টের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মন্দিরের পবিত্রতা রক্ষা এবং ভক্তদের দানের সঠিক ব্যবহারের বিষয়ে কোনো আপস করা হবে না। এসআইটি-র তদন্ত আরও গভীর করা হচ্ছে এবং এই চুরির নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় দেশজুড়ে থাকা অগণিত রামভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *