উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেক বাউন্স মামলায় (Cheque Bounce Case) বড়সড়ো স্বস্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। সোমবার দিল্লি হাইকোর্ট (Delhi Excessive Courtroom) অভিনেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে (Interim Bail)। মূলত নিজের ভাইঝির বিয়েতে উপস্থিত থাকার জন্যই আদালতের কাছে এই আবেদন জানিয়েছিলেন তিনি। আদালত সূত্রে খবর, বকেয়া টাকার মধ্যে ১.৫ কোটি টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা দেওয়ার পরই এই নির্দেশ দেওয়া হয়েছে।
রাজপাল যাদবের বিরুদ্ধে ১.৫ কোটি টাকার মোট সাতটি চেক বাউন্স করার অভিযোগ ছিল। এর আগে তিনি ৭৫ লক্ষ টাকা জমা দিলেও বাকি অর্থ মেটাতে না পারায় আইনি জটিলতায় ফেঁসেছিলেন। সোমবার শুনানির সময় অভিনেতার আইনজীবী আদালতকে জানান যে, বকেয়া ১.৫ কোটি টাকা অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এই তথ্য পাওয়ার পরই বিচারপতি অভিনেতার সাজা স্থগিত রেখে জামিন দেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি রাজপাল যাদবের ভাইঝির বিয়ে। শাহজাহানপুরে আয়োজিত এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই তিনি সাময়িক মুক্তির আবেদন করেছিলেন। আদালত শর্তসাপেক্ষে সেই আর্জি মেনে নিয়েছে। তবে বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ডিমান্ড ড্রাফট জমা না পড়লে মঙ্গলবার সকালেই ফের শুনানি শুরু হত।
আদালত রাজপাল যাদবকে তাঁর পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছে (যদি তা আগে জমা দেওয়া না হয়ে থাকে)। একইসঙ্গে জানানো হয়েছে, আগামী ১৮ মার্চ পর্যন্ত এই অন্তর্বর্তী জামিন কার্যকর থাকবে। পরবর্তী শুনানির দিন তাঁকে সশরীরে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দিতে হবে। আদালত উভয় পক্ষকে বিবাদ মিটিয়ে নিতে মধ্যস্থতার (Mediation) পথ বেছে নেওয়ারও পরামর্শ দিয়েছে।
