উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার (Climate Replace) জোড়া ফলায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেড়েই চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন পার্বত্য এলাকা সহ উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভূমিধস এবং নদীগর্ভ প্লাবিত হওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে স্থানীয় প্রশাসনের।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার উত্তরবঙ্গের (North Bengal Climate Replace) জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ার—এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও।
পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে আগামীকাল, রবিবার। রবিবার থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে উত্তরের উপরের দিকের পাঁচ জেলায়—দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। উত্তরের নীচের দিকের তিন জেলা, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সপ্তাহজুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।
প্রশাসন ও বিশেষজ্ঞদের আশঙ্কা, একটানা এই প্রবল বর্ষণে পার্বত্য এলাকায় ভূমিধসের সম্ভাবনা প্রবল। এছাড়া নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে, যার ফলে নীচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষিজমির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও (South Bengal Climate Replace) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত মৌসুমী অক্ষরেখার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে ৯টি জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে পাঁচ জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।

