উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিক্ষকের ব্যবহারে মানসিক অবসাদে ভুগছিল ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়া। আর সেই অবসাদের জেরেই স্কুল বিল্ডিং-এর পাঁচতলা থেকে নীচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে সে! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রাজস্থানের জয়পুরে। যদিও ওই পড়ুয়ার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, জয়পুরের এক বেসরকারি স্কুলে পড়াশোনা করত ওই পড়ুয়া। অন্যান্য দিনের মতোই শনিবারেও স্কুলে গিয়েছিল সে। দুপুরের দিকে স্কুল বিল্ডিংয়ের নীচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য স্কুল চত্বরের সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে কিছু অভিভাবকের দাবি, শিক্ষকের ব্যবহারের দরুন অবসাদে ভুগছিল ওই পড়ুয়া, যার জেরেই আত্মহত্যা করছে সে। এই প্রসঙ্গে অভিভাবকদের সংগঠনের মুখপাত্র অভিষেক জৈন বলেন, ‘‘আমরা অনেক পড়ুয়ার সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে বুঝেছি, শিক্ষকের ব্যবহারে অবসাদে পাঁচতলা থেকে ঝাঁপ মেরেছে অমৃতা।’’ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রমান লোপাটেরও অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, তদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
