Rain Forecast West Bengal | রবিবারেও কি ভিজবে বাংলা? কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া, কী জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ গত কয়েক দিন ধরে দফায় দফায় বৃষ্টির সাক্ষী (Rain Forecast West Bengal) থেকেছে দক্ষিণবঙ্গ সহ খোদ তিলোত্তমা কলকাতা। যদিও শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার সারা দিন কলকাতায় কোনো তীব্র বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুত্সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা: আজ রবিবার উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এছাড়া পাহাড় ঘেরা দার্জিলিং ও কালিম্পং জেলার দু-একটি জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, উত্তরবঙ্গের সমস্ত জেলাই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির মুখোমুখি হবে। ঝোড়ো হাওয়ার ক্ষেত্রে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতায় আজকের আবহাওয়া: আজ রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পসলা বৃষ্টির দেখা মিলতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি)। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল বেশ চড়া—সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ। এদিকে, গত ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ছ’টা থেকে ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ছ’টা পর্যন্ত কলকাতায় মোট ৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্র: দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির কোনো বড় লাল বা হলুদ সতর্কতা না থাকলেও সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেও দু-একটি জায়গায় বজ্রপাত ও তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় তুলনামূলকভাবে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *