উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়ার রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত কোরীয় উপদ্বীপ। পূর্ব উপকূলের ওয়নসান এলাকা থেকে শনিবার সকালে একাধিক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ (Missile Launch) করেছে উত্তর কোরিয়া (North Korea)। প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে মিসাইলগুলি পূর্ব সাগরে এসে পড়ে। প্রায় তিন সপ্তাহ বিরতির পর পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ায়।
প্যাসিফিক অঞ্চলে গত সোমবার থেকে শুরু হয়েছিল আমেরিকা, দক্ষিণ কোরিয়া (South Korea) ও জাপানের পাঁচ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম এজ’। শুরু থেকেই এই মহড়ার তীব্র বিরোধিতা করে আসছিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সাফ জানিয়েছিল, এই ধরনের যৌথ সামরিক কার্যক্রম সরাসরি যুদ্ধের উসকানি এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। সেই হুঁশিয়ারি বাস্তবে পরিণত করে মহড়া সমাপ্ত হওয়ার ঠিক একদিন পরই মিসাইল উৎক্ষেপণ করল কিম জং উনের দেশ।
অন্যদিকে, উত্তর কোরিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সাম্প্রতিক নরম সুর আন্তর্জাতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প দাবি করেন, কিম জং উনের (Kim Jong Un) সঙ্গে তাঁর সুসম্পর্কের কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় আমেরিকার অংশগ্রহণ তাঁর কাছে সন্তোষজনক ঠেকছে না। এই মহড়াগুলিকে ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয় আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় উত্তর কোরিয়া কোনও হুমকি তৈরি করেনি এবং সর্বদা শ্রদ্ধাশীল ছিল, তাই এই ধরনের শত্রুভাবাপন্ন পদক্ষেপ বর্তমান পরিস্থিতিতে অনুপযুক্ত। ট্রাম্পের এমন শান্তির বার্তার পরও যে পিয়ংইয়ং নিজেদের অবস্থান থেকে বিন্দুমাত্র সরছে না, তা স্পষ্ট করে দিয়েছেন কিমের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, আমেরিকা যতই তাদের পদক্ষেপকে সদিচ্ছার নিদর্শন হিসেবে তুলে ধরার চেষ্টা করুক না কেন, সামরিক মহড়ার আগ্রাসী চরিত্র অপরিবর্তিত থাকলে উত্তর কোরিয়াও তাতে সাড়া দেবে না।

