Raihan Vadra exhibition controversy | প্রিয়াংকার ছেলে রায়হানের ছবির প্রদর্শনী ঘিরে বিতর্ক! গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতি আর শিল্পের সংঘাত এবার এক অন্য মাত্রা নিল দেশের রাজধানীতে। শিল্প প্রদর্শনী শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তেই সরিয়ে দেওয়া হলো বহু ছবি, যার জেরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াংকা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ও রবার্ট বঢরার ছেলে রায়হান বঢরা (Raihan Vadra exhibition controversy) এক একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলেন দিল্লিতে। কিন্তু উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে দিল্লির বিকানের হাউস কর্তৃপক্ষ তাঁর প্রদর্শিত আলোকচিত্রের এক বিরাট অংশ সরিয়ে ফেলতে বাধ্য করে বলে অভিযোগ। সরকারি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অত্যন্ত ‘হাস্যকর’ অ্যাখ্যা দিয়ে তরুণদের কণ্ঠরোধ করার অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন তাঁর মা প্রিয়াংকা।

‘নো আইডিয়া ইজ ফাইনাল’ শীর্ষক এই প্রদর্শনীটির প্রিভিউ নির্ধারিত ছিল বুধবার, এবং বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখার কথা ছিল। আলোকচিত্রী রায়হানের বক্তব্য অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বিকানের হাউস প্রশাসন তাঁকে স্পষ্ট জানিয়ে দেয় যে বিকেল পাঁচটার মধ্যে বিতর্কিত ছবিগুলি সরিয়ে ফেলতে হবে, নতুবা সমগ্র প্রদর্শনীটি বাতিল করে দেওয়া হবে। রায়হান বলেন, ‘প্রদর্শনীতে দিল্লির বিক্ষোভ নিয়ে তোলা ৭৪টি ছবি সরিয়ে দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।’

কর্তৃপক্ষের দাবি ছিল, ছবিগুলির পটভূমি রাজনৈতিক হওয়ায় বর্তমান সময়ে সেগুলি প্রদর্শন করা উপযুক্ত নয়। যদিও রায়হান যুক্তি দিয়েছেন, ছবিগুলির উদ্দেশ্য রাজনৈতিক বার্তা ছড়ানো ছিল না, বরং বিগত ছয় মাসে ঘটে যাওয়া কিছু বিক্ষোভ ও আন্দোলনের বাস্তব চিত্রই তিনি ক্যামেরাবন্দি করেছিলেন। এমনকি আগে থেকেই প্রদর্শনীর সম্পূর্ণ বিন্যাস ও প্রস্তাবনা জমা দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

ক্ষোভ প্রকাশ করে রায়হান জানান, একজন ভারতীয় শিল্পী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েই তিনি এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। ভারতীয় জাতীয় পতাকার ছবি পর্যন্ত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী, বিকানের হাউসের ভাইস রেসিডেন্ট কমিশনার ছবিগুলিকে ‘আপত্তিকর’ অ্যাখ্যা দেন এবং বুকিং নীতি লঙ্ঘনের কথা জানান। রায়হান প্রথমে ছবিগুলি দেয়ালের দিকে ঘুরিয়ে রেখেছিলেন, কিন্তু প্রশাসন তাতে সন্তুষ্ট না হয়ে সব ছবি গুদামঘরে রেখে দেওয়ার নির্দেশ দেয়। তিন বছরের কঠোর পরিশ্রমে তোলা বন্যপ্রাণী, বিমূর্ত শিল্প ও যুব আন্দোলনের ছবি সংবলিত এই প্রদর্শনীর ১০০টিরও বেশি ছবির মধ্যে ৭০টিরও বেশি ছবি সরিয়ে ফেলা হয়। বর্তমানে প্রায় ৪০টি ছবি নিয়ে খালি ঘরে প্রদর্শনীর দেয়ালে সংবিধানের প্রস্তাবনার কপি ঝুলিয়ে রাখা হয়েছে। অন্যদিকে, প্রিয়াংকা আক্রমণাত্মক সুরে বলেন, “দেশে আর গণতন্ত্র বজায় নেই, আজ ওঁর সঙ্গে যা হলো, কাল অন্য কোনও শিল্পীর সঙ্গেও তা-ই হবে।” এ বিষয়ে বিকানের হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্তারা কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *