অবসর নিয়ে নতুন ভূমিকায় প্রাক্তন মোহনবাগান ফুটবলার সাদিকু, শুভেচ্ছা জানাল সবুজ-মেরুন 

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


বুটজোড়া তুলে রাখলেন মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। তবে ফুটবলকে বিদায় জানাচ্ছেন না আলবানিয়ার জাতীয় দলের প্রাক্তন এই সেন্টার ফরোয়ার্ড। এবার তাঁর নতুন ইনিংস শুরু হতে চলেছে সুইৎজারল্যান্ডের ক্লাব বেলিনজোনার স্পোর্টস ডিরেক্টর হিসাবে। ৩৫ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন সাদিকু। 

সাদিকু লিখেছেন, ‘ধন্যবাদ ফুটবল! তোমাকে খুব মিস করব।’ কেরিয়ারের সেরা মুহূর্তগুলির একটি ভিডিও-ও পোস্ট করেছেন আলবানিয়ার এই স্ট্রাইকার। খেলার মাঠ থেকে এবার ক্লাব পরিচালনার দায়িত্বে দেখা যাবে তাঁকে। সাদিকুর কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত নিঃসন্দেহে ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ফ্রান্সে আয়োজিত সেই প্রতিযোগিতায় রোমানিয়ার বিরুদ্ধে তাঁর করা গোলেই ঐতিহাসিক জয় পেয়েছিল আলবানিয়া। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়েই এই সাফল্য পেয়েছিল দেশটি।

আরও পড়ুন:

ফাইল ছবি।

আলবানিয়ার জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে ১২ গোল রয়েছে সাদিকুর। কোচ জিয়ানি দে বিয়াসির আমলে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছিলেন তিনি। ক্লাব ফুটবলেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই স্ট্রাইকারের। স্পেন ও সুইৎজারল্যান্ডের বিভিন্ন ক্লাবে কেরিয়ারের সিংহভাগ সময় কাটিয়েছেন। স্পেনের লাস পালমাস, লেভান্তে ও মালাগার মতো ক্লাবের হয়ে খেলেছেন। সুইৎজারল্যান্ডের এফসি জুরিখ ও এফসি লুগানোর জার্সিতেও দেখা গিয়েছে তাঁকে। পোল্যান্ডের লেগিয়া ওয়ারশের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে খেলেছেন। সেই ক্লাবের হয়েই ইউরোপা লিগে প্রথম গোল করেন তিনি।

ফাইল ছবি।

২০২৩-২৪ মরশুমে মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়েছিলেন সাদিকু। সবুজ-মেরুনের হয়ে ২২ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। সেই বছর ডুরান্ড কাপ ও আইএসএল শিল্ড জিতেছিল হয়েছিল মোহনবাগান। তাঁর অবসরের পর শুভেচ্ছা জানিয়েছে সবুজ-মেরুন ক্লাবও। সোশাল মিডিয়ায় তারা লিখেছে, ‘স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ, সাদিকু। আগামী দিনের জন্য শুভকামনা রইল।’ ২০২৪-২৫ মরশুমে এফসি গোয়ার জার্সি গায়ে ২৪ ম্যাচে ১০ গোল রয়েছে তাঁর। এবার নতুন দায়িত্বে সুইৎজারল্যান্ডের এসি বেলিনজোনা ক্লাবে ফিরছেন তিনি। এই ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। চলতি বছর বেলিনজোনার হয়ে ২৭ ম্যাচে মাঠে নেমে ৫ গোলও করেন। প্রশাসনিক দায়িত্বে কতটা সফল হন সাদিকু, সেটাই দেখার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *