লন্ডন ও ম্যাঞ্চেস্টার: আন্তর্জাতিক বিরতির পর আবার ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। ভারতীয় সময় মঙ্গলবার রাতে মুখোমুখি হবে ৪ নম্বরে থাকা ম্যাঞ্চেস্টার সিটি ও ২১ নম্বরে থাকা বেয়ার লেভারকুসেন। শনিবার নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে মেজাজ হারিয়েছিলেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। তর্কে জড়ান মাঠের ধারে থাকা ক্যামেরাম্যানের সঙ্গেও। লেভারকুসেন ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে সিটির হয়ে গুয়ার্দিওলার ১০০তম ম্যাচ হতে চলেছে। এমন নজিরের সামনে দাঁড়িয়ে তাঁর মন্তব্য, ‘আমি লজ্জিত এবং দুঃখিত। ক্যামেরাম্যানের কাছে ক্ষমাও চেয়েছি। এটাই আমি। এমনকি ১০০তম ম্যাচের আগেও আমি ভুল করি। মোটেই নির্ভুল নই। বুঝতে পারছি, বয়স হচ্ছে।’
তবে মঙ্গলবার নতুন করে শুরু করতে চান, ‘শেষ ম্যাচে কী হয়েছে তা ভুলেই মাঠে নামতে হবে। প্রতিপক্ষ বুন্দেশলিগায় তৃতীয় স্থানে রয়েছে। পরের রাউন্ডে যেেত ১ পয়েন্ট প্রয়োজন আমাদের। প্রথম আটে শেষ করাটাও গুরুত্বপূর্ণ। তাই অতীতে তা মনে রেখে লাভ নেই।’
অন্য হাইভোল্টোজ ম্যাচে নামবে ১১ ও ১২ নম্বরে থাকা বার্সেলোনা ও চেলসি। দুই দলের পয়েন্ট ৭। ম্যাচের আগে চেলসি কোচ এনজো মারেস্কা তাঁর কোচিংয়ে আসার পেছনে বার্সেলোনা-যোগের কথা জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘আমার কোচ হওয়ার কারণ পেপ গুয়ার্দিওলার বার্সেলোনা। ওরা স্পেনে ফুটবল খেলার ধরনটাই পালটে দিয়েছিল। এরপর পেপ জার্মানিতে গিয়েও একই কাজ করেছিল।’
নিজের দলের প্রতি ভরসা রেখে মারেস্কা বলেছেন, ‘বায়ার্নের কাছে হারের পর আমরা অনেকটা উন্নতি করেছি। তবে বার্সেলোনার আক্রমণ ও রক্ষণের পদ্ধতি কিছুটা আলাদা। তাই আগামীকাল একটা নতুন ম্যাচ হতে চলেছে। তবে আমরা রোজ উন্নতি করছি।’
