রাহুল দেব, রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) শহরের যানজট মোকাবিলায় দীর্ঘদিন ধরে উড়ালপুল বা ফ্লাইওভার নির্মাণের দাবি ছিল। কিন্তু এতদিন সেই দাবি পূরণ হয়নি। কিন্তু বুধবার রায়গঞ্জ শহর সহ উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলায় মোট চারটি আরওবি (রোড ওভারব্রিজ) তৈরির জন্য রেলের টেন্ডার নোটিশ সামনে এসেছে। এরপরেই খুশিতে মেতেছেন শহরবাসী সহ উত্তর দিনাজপুরের মানুষ।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ থেকে বামনগ্রাম পর্যন্ত নতুন আরওবি তৈরি করা হবে। যার জন্য ৮৩ কোটির সামান্য বেশি অর্থ মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি কালিয়াগঞ্জ থেকে ডালিমগাঁ পর্যন্ত আরওবি তৈরির জন্য প্রায় ৯১ কোটি টাকা বরাদ্দ করা হবে। অন্যদিকে, ইসলামপুরে দুটো আরওবি তৈরি করা হবে। গুঞ্জরিয়া থেকে আলুয়াবাড়ি (হলকলবাড়ি থেকে ইসলামপুর সংযোজক সড়ক) পর্যন্ত আরওবি নির্মাণে প্রায় ১০০ কোটি এবং গুঞ্জরিয়া থেকে আলুয়াবাড়ি (শীতলপুর থেকে ইসলামপুর সংযোজক সড়ক) পর্যন্ত আরওবি নির্মাণে ১০৮ কোটির কিছু বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। সবমিলিয়ে চারটি আরওবি নির্মাণে বরাদ্দকৃত মোট অর্থ ৩৮২ কোটি টাকার সামান্য বেশি।
রায়গঞ্জ শহরের যানজট সর্বজনবিদিত। বর্তমানে হাজার হাজার টোটোর চাপে শহর কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। সেই যানজট থেকে বাঁচতে ফ্লাইওভার বা আরওবি নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। লোকসভায় রায়গঞ্জের বর্তমান সাংসদ কার্তিকচন্দ্র পাল বিভিন্ন সময়ে তাঁর কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন। পূর্বতন সাংসদ দেবশ্রী চৌধুরীর আমলে বিজেপির তরফে ফ্লাইওভার বা আরওবি নির্মাণের প্রয়োজনীয় এনওসি প্রদানের দাবিতে জেলা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনও হয়েছে।
অবশেষে এদিন রেলমন্ত্রক এখানে আরওবি তৈরির ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, রেলমন্ত্রক দীর্ঘদিন ধরেই শহরে আরওবি তৈরির পক্ষে ছিল। কিন্তু জেলা প্রশাসনের তরফে প্রয়োজনীয় এনওসি দেওয়া হচ্ছিল না বলেই তা আটকে ছিল। নতুন এই ফ্লাইওভার রায়গঞ্জের পুরোনো জাতীয় সড়কের (যা বর্তমানে রাজ্য সরকারের আওতাধীন) মধ্যে দিয়ে বয়ে চলা রেললাইনের আশপাশের কোনও জায়গা থেকেই নির্মাণ শুরু হবে। প্রশ্ন উঠছে, তাহলে কি জেলা তথা রাজ্য প্রশাসন প্রয়োজনীয় এনওসি দিয়ে দিয়েছে? যদিও এই বিষয়ে কেউ কোনও মন্তব্য করতে চাননি।
এদিকে, শহরবাসী এই ঘটনায় ভীষণ খুশি। শহরের বাসিন্দা চঞ্চল নন্দী বলেন, ‘যানজটের কারণে ফ্লাইওভার দীর্ঘদিন ধরে দরকার ছিল। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে জেনে ভালো লাগল।’ অপর বাসিন্দা শোভন মৈত্রের কথায়, ‘শহরে অস্বাভাবিক যানজট বেড়েছে। বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি ছিল। আরওবি তৈরি হতে চলেছে জেনে আমরা সত্যিই খুব খুশি।’
