দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) শহরের গা ঘেঁষে চলে যাওয়া পুরোনো বাইপাস তথা পুরোনো জাতীয় সড়ককে আরও প্রশস্ত ও উন্নত করার উদ্যোগে নবান্নে গত মঙ্গলবার দ্বিতীয়বার গুরুত্বপূর্ণ বৈঠক করেন রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী। সেখানে পূর্ত দপ্তরের মন্ত্রী, প্রিন্সিপাল সেক্রেটারি এবং দপ্তরের অন্য আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে অত্যন্ত সদর্থক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে খবর। মন্ত্রী কৌশিক চৌধুরীর উদ্যোগে দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ রাস্তা সম্প্রসারণের বিষয়টি ফের প্রশাসনিক স্তরে গুরুত্ব পেয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রায়গঞ্জ শহরের যানজট অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে শহরের উপর দিয়ে যাতায়াতকারী যানবাহনের চাপ কমিয়ে বিকল্প পথে যান চলাচল আরও সহজ হবে।
শুধু যানজট নিরসনই নয়, রাস্তা সম্প্রসারণের ফলে রায়গঞ্জ শহরের সামগ্রিক উন্নয়নেও নতুন দিগন্ত খুলবে বলে আশাবাদী প্রশাসন ও স্থানীয় মহল। এর ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। রাস্তার দুই ধারে শপিং মল ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠবে। নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে। শহরের একমাত্র রাস্তায় যানজট অনেকটা কমবে এবং যানবাহন দ্রুত ও নিরাপদে চলাচল করতে পারবে। শহরের আয়তন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জরুরি পরিষেবায় মানুষের পৌঁছানো আরও সহজ হবে। শহর আরও পরিকল্পিতভাবে সম্প্রসারিত হওয়ার সুযোগ পাবে এবং বদলে যেতে পারে রায়গঞ্জের সামগ্রিক চেহারা। এছাড়া রাস্তাটি দুই লেনের হলে দুর্ঘটনার ঝুঁকিও কমবে। শহরের ফুটপাথ দখল করে যেসব দোকান গজিয়ে উঠেছে, সেগুলো পুরোনো জাতীয় সড়কের দুই পাশে স্থানান্তরিত করলে শহরের যানজটও কমবে, সাধারণ মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে।
মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বণিকসভা থেকে শুরু করে সাধারণ মানুষ। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসক শান্তনু দাস বলেন, পুরোনো বাইপাস সম্প্রসারণ হলে শহর যেমন একদিকে বড় হবে, অন্যদিকে যানজট অনেকটাই কমবে। উত্তর দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের জেলা সম্পাদক রথীন্দ্রকুমার দেবের কথায়, ‘রায়গঞ্জ শহরে একটি মাত্র রাস্তা, ফলে সমস্ত যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করায় পথচলতি মানুষকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। বিশেষ করে প্রবীণ মানুষরা ভীষণ বিপদে পড়েন।’ পুরোনো বাইপাস সম্প্রসারণ খুবই জরুরি, এতে শহর বড় হবে বলে তিনি বলেন।
মন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, রায়গঞ্জের আগামীদিনের উন্নয়নের কথা মাথায় রেখেই পুরোনো জাতীয় সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের যাতায়াতকে আরও সহজ, স্বচ্ছন্দ ও নিরাপদ করে তুলতে এবং শহরের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পকে দ্রুত বাস্তব রূপ দেওয়াই তাঁদের অঙ্গীকার।

