রায়গঞ্জ: কেন্দ্র সরকারের ইউপিএসসি পরিচালিত জিওফিজিসিস্ট পরীক্ষায় সফল হলেন রায়গঞ্জের(Raiganj) কলেজপাড়ার মনীষা দাস। বুধবার রাতে ইউপিএসসি তাদের এই বছরের পরীক্ষার ফল প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, পুরো দেশের মধ্যে সপ্তদশ স্থান অধিকার করেছেন তিনি। মনীষার বাবা শঙ্কর দাস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা পুলমা দাস গৃহবধূ। মেয়ের সাফল্যে তাঁরা উভয়েই ভীষণ খুশি।
রায়গঞ্জের কলেজপাড়ার মনীষা ২০১৩ সালে রায়গঞ্জের(Raiganj) গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ২০১৫ সালে রায়গঞ্জ(Raiganj) করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় সাম্মানিক স্নাতক হন ২০১৮ সালে এবং ২০২০ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত আইএসএম ধানবাদে ভূপদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন তিনি। তাঁর স্বামী অমৃত দাস ২০২২ সালের এই পরীক্ষাতেই উত্তীর্ণ হয়ে বর্তমানে রাজস্থানে জিওফিজিসিস্ট (ভূপদার্থবিদ) হিসেবে নিয়োজিত রয়েছেন।
এদিন মনীষা রাজস্থান থেকে জানান, ‘২০২৩ থেকেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। গত বছরও এই পরীক্ষার ইন্টারভিউ দিয়েছিলাম। কিন্তু অল্পের জন্য হয়নি। আসানসোলের এক বেসরকারি মাইনিং কোম্পানিতে চাকরি শুরু করি। কিন্তু সেখানে সন্তুষ্টি আসছিল না। তাই সেই চাকরি ছেড়ে জোরকদমে এর জন্য প্রস্তুতি শুরু করি। কলেজে পড়াকালীন জিওফিজিক্সের বিষয়ে অনেকেই জানতে পারে না। অ্যাপ্লায়েড ফিজিক্সের উপর যদি কোনো ছাত্র বা ছাত্রী আগ্রহী থাকে তাহলে তারা এই পরীক্ষার কথা ভাবতে পারে। যেহেতু এখানে শূন্যপদ খুব কম থাকে তাই নিজেকে ধরে রাখতে হবে ভালোভাবে।’
নতুনদের প্রতি বার্তা দিতে গিয়ে মনীষা জানান, ‘অনেকে মনে করেন যে উচ্চ মাধ্যমিকের পর ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়েই চাকরি হয় সেটা নয়। জিওফিজিক্সেও বেশ ভালো সুযোগ রয়েছে। আমরা এগুলোর কথা জানতে পারি না জন্য এই বিষয়ে এগোতে পারি না।’ গত ফেব্রুয়ারি মাসে ৪০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬০০ নম্বরের মেইনস অনুষ্ঠিত হয় গত মে মাসে। গত ২৪ সেপ্টেম্বর ২০০ নম্বরের ইন্টারভিউ পর্ব অনুষ্ঠিত হয়।
