চন্দ্রনারায়ণ সাহা, রায়গঞ্জ: ভূত মানেই ভয়। সেই ভয়কে কাজে লাগিয়েই প্রায় ৩৬ বছর আগে রায়গঞ্জ (Raiganj) ব্লকের পারধা এলাকায় শুরু হয় একটি মেলা। মেলাতে ভূত সাজিয়ে রেখে মানুষকে ভয় দেখানো হত। সেই থেকেই মেলাটি লোকমুখে ভূতের মেলা নামে পরিচিত। আজকাল অবশ্য, এই মেলায় ভূতুড়ে কর্মকাণ্ড না থাকলেও মেলা ঘিরে উৎসাহের শেষ নেই আশেপাশের অঞ্চলের বহু সাধারণ মানুষের। ১০ দিনের এই মেলায় মজা করতে দূরদূরান্ত থেকে আসেন বহু মানুষ।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জনার্দন বর্মনের মন্তব্য, ‘এই মেলা আমাদের কাছে খুব পবিত্র। আগে এই মেলায় ভূতের ভয় দেখানো হত। এখানে ছোট বাচ্চা, মহিলারা ভয় পেতে আসত। কিন্তু এখন আর ভয় নয়, মেলায় দেওয়া হচ্ছে সচেতনতার বার্তা।’ কোন বিষয়ে সচেতনতা? জনার্দন বলেন, ‘স্কুলছুট কমানো, স্কুল চলো অভিযান সহ সব ধরনের সামাজিক বার্তা এই মেলায় পোস্টারের মাধ্যমে দেওয়া হয়।’
মেলায় বেড়াতে এসেছিলেন বেতোড় গ্রামের মোহন রায়। তাঁর কথায়, ‘প্রতি বছরই এই মেলায় আসি। এবার মেলা কর্তৃপক্ষ যেভাবে বিভিন্ন পোস্টারের মাধ্যমে সামাজিক সচেতনতামূলক বার্তা তুলে ধরেছে, সেটা বেশ ভালো লেগেছে।’ মেলা কমিটির সম্পাদক স্বামীনাথ বর্মনের দাবি, ‘এবার ২০০ টিরও বেশি স্টল বসেছে। আমাদের সমাজে নারী নির্যাতন একটা ভয়াবহ সমস্যা। এটা থামানো দরকার। বয়সকালে পরিবারের প্রবীণদের প্রতি যাতে সকলে শ্রদ্ধাশীল থাকে, সেই বার্তাও আমরা তুলে ধরেছি।’
