রায়গঞ্জ: বেআইনিভাবে বাড়ি ভাঙার অভিযোগ উঠল রায়গঞ্জে (Raiganj)। শুক্রবার ঘটনার সূত্রপাত হলেও শনিবারও বাড়ি ভাঙা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি রায়গঞ্জের ১৩ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চান্দোর এলাকার।
জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা রাজেশ পাল তাঁর ঠাকুরদার আমল থেকেই সেখানে থাকেন। রাস্তার জন্য তাঁর পরিবার ছয় ফুট জায়গা ছেড়েছেন। রাস্তার অপর পাশে থাকা গুপ্তা পরিবার পাঁচ ফুট জায়গা ছেড়েছে। কিন্তু বিগত কিছুদিন ধরে গুপ্তা পরিবার রাজেশের পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। মূলত রাস্তার জন্য রাজেশের ছাড়া ছয় ফুট জায়গা এবং তাঁর বাড়ির কিছু অংশের দখল নিতে গুপ্তা পরিবার মরিয়া বলে বলে দাবি রাজেশের। এরপরই শুক্রবার থেকে রাজেশের বাড়ি ভাঙা শুরু করেছে গুপ্তা পরিবার। শনিবারও বাড়ির নির্মাণ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক, আইসি, পঞ্চায়েত প্রধানের কাছে এই বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তিনি। মূলত রাধিকা গুপ্তা, সীমা গুপ্তা, প্রীতি গুপ্তা ও সাগরিকা গুপ্তার নামে এই লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে খবর।
রাজেশের স্ত্রী সুজাতা পাল এদিন বলেন, ‘আমাদের জায়গা নিয়ে কোনও বিতর্ক নেই। অথচ দীর্ঘদিন ধরে আমাদের বাড়ি দখলের চেষ্টা করছে গুপ্তা পরিবার। আমরা প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু রাজনৈতিক নেতা ও পঞ্চায়েতের পদাধিকারীদের নিয়ে আমাদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলেছেন তাঁরা। শুক্রবার আমরা স্বামী-স্ত্রী বাড়িতে ছিলাম না। তখন তাঁরা আমাদের বাড়ির প্রাচীর ভাঙতে আসে। আমাদের ছেলেমেয়েরা সেটির ভিডিও করতে গেলে মেয়েকে ধর্ষণ করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আমরা ভীষণ আতঙ্কে রয়েছি।’
অন্যদিকে, পঞ্চায়েত প্রধান মল্লিকা বিশ্বাস বলেন, ‘দলের অঞ্চল সভাপতি বিষয়টা দেখছেন। তবে ওখানে জায়গা নিয়ে কিছু সমস্যা রয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।’ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।
