রায়গঞ্জ: অবৈধ তৃণমূল (TMC) পার্টি অফিস গুড়িয়ে দেওয়ার ক্ষোভ মেটাতে রাতের অন্ধকারে ফের তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। রায়গঞ্জ (Raiganj) শহর লাগোয়া গোয়ালপাড়া এলাকায় এক প্রতিবাদী হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও তীব্র রাজনৈতিক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া এলাকায় একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কার্যকলাপ এবং নেশাখোর বাইক চালকদের দাপাদাপি চলছিল। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন স্থানীয় বাসিন্দারা, যার নেতৃত্বে ছিলেন এলাকার এক হোমিওপ্যাথি চিকিৎসক সঞ্জীব মণ্ডল। সকলের মিলিত আন্দোলনের চাপে পড়ে মাসখানেক আগে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা স্বয়ং উপস্থিত থেকে আর্থমুভার দিয়ে ওই অবৈধ পার্টি অফিসটি গুঁড়িয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পার্টি অফিস ভাঙার প্রতিশোধ নিতেই নাকি দুষ্কৃতীরা সক্রিয় হয়ে ওঠে। গত বৃহস্পতিবার গভীর রাতে চিকিৎসক সঞ্জীব মণ্ডলের বাড়িতে বড় বড় পাথর ছুড়ে জানালার কাঁচ চুরমার করে দেওয়া হয়। শুধু তাই নয়, এলাকার অন্য এক বাসিন্দার বাড়িতেও ঢিল ছোড়ার পাশাপাশি গভীর রাতে বারবার কলিং বেল বাজিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়। সঞ্জীববাবুর অভিযোগ, তাঁর বাড়ির সিসিটিভি ক্যামেরা বিকল থাকা এবং দীর্ঘদিন ধরে রাস্তার আলোগুলি নষ্ট থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা এই অন্ধকারময় পরিস্থিতি তৈরি করেছে।
শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে পুলিশের (Police) একটি প্রতিনিধি দল দ্রুত চিকিৎসক সঞ্জীব মণ্ডলের বাড়িতে পৌঁছায় এবং পরিবারের অভিযোগ শোনার পাশাপাশি ঘটনাস্থল থেকে পাথর ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করে নিয়ে যায়।
বিষয়টি কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক উৎপল ব্রহ্মচারীর নজরে আনা হলে তিনি জানান, গোটা বিষয়টি পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় একটি বিশেষ বৈঠকে বসেন এলাকার বাসিন্দারা। এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতেও সরব হয়েছেন তাঁরা।

