Raiganj | করোনেশনের মাঠ ভাড়া, ১৫ লক্ষ টাকার বিনিময়ে হবে মেলা, রায়গঞ্জে ক্ষোভ

Raiganj | করোনেশনের মাঠ ভাড়া, ১৫ লক্ষ টাকার বিনিময়ে হবে মেলা, রায়গঞ্জে ক্ষোভ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


রায়গঞ্জ: রায়গঞ্জের (Raiganj) ঐতিহ্যবাহী করোনেশন হাইস্কুলের খেলার মাঠ একটি বেসরকারি সংস্থাকে মেলার জন্য ভাড়া দেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আগামী ৫ অগাস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোটা অঙ্কের বিনিময়ে মাঠটি ভাড়া দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এর ফলে এই দীর্ঘ সময় মাঠে ফুটবল, ক্রিকেট সহ যাবতীয় ক্রীড়া প্রশিক্ষণ বন্ধ থাকবে। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিদ্যালয়ের প্রাক্তনী সমিতি এবং স্থানীয় ক্রীড়াবিদরা। অভিযোগ, মাঠটি তিন বছরের জন্য প্রাক্তনী সমিতিকে লিজ দেওয়া হলেও, এই ভাড়া দেওয়ার ক্ষেত্রে তাদের থেকে কোনওরকম নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নেওয়া হয়নি।

রায়গঞ্জ পুরসভার (Raiganj Municipality) ঠিক বিপরীত দিকে অবস্থিত এই ফুটবল মাঠে সারাবছর ধরে এলাকার ছেলেরা খেলাধুেলা করে। প্রতিদিন সকালে প্রায় ৩৫ জন দুঃস্থ তরুণকে সম্পূর্ণ বিনামূল্যে ফুটবল কোচিং করান পুরসভারই এক কর্মী। ফুটবল প্রশিক্ষণ নিতে দূরদূরান্ত থেকেও ছেলেরা এখানে আসেন। বিকেলে চলে স্থানীয় ছেলেদের ক্রিকেট অনুশীলন। ফুটবল প্রশিক্ষক বাবলু মহম্মদের বক্তব্য, ‘গ্রামগঞ্জ থেকে আসা ছেলেদের নিয়ে প্রায় তিন বছর ধরে এখানে প্রশিক্ষণ দিচ্ছি। ভাড়া দেওয়ার আগে আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি স্কুল কর্তৃপক্ষ। আমাদের না জানিয়েই মাঠটি ভাড়া দেওয়া হয়েছে। টাকার জন্য খেলাধুেলা বন্ধ হওয়া মেনে নেওয়া যায় না। আমাদের ফুটবল টিম এবার লিগ খেলছে এবং রায়গঞ্জের নামী দলকে হারিয়েছে।’ নিয়মিত অনুশীলনকারী গৌরব পাসোয়ান, রাম হাঁসদা, শুভেন্দু হেমরম, জুয়েল হাঁসদাদের বক্তব্য, মেলার জন্য দেড় মাসের বেশি সময় অনুশীলন বন্ধ থাকলে, তাঁদের ব্যাপক ক্ষতি হবে। অনুশীলন বন্ধ থাকলে তার প্রভাব পড়বে পারফরমেন্সে। বছর দেড়েক আগেও একটি সার্কাস কোম্পানিকে মাঠটি ভাড়া দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, সার্কাস দলকে ভাড়া দেওয়ায় মাঠের অবস্থা বেহাল হয়ে পড়েছিল। নিজেদের উদ্যোগে মাঠটি খেলার উপযুক্ত করে তুলেছিলেন স্থানীয় খেলোয়াড়রা।

জানা গিয়েছে, মাঠটি ১৫ লক্ষ টাকায় বিনিময়ে একটি বেসরকারি মেলা কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছে। মেলা কর্তৃপক্ষ ইতিমধ্যেই ১০ লক্ষ টাকার চেক দিয়েছে স্কুল কর্তৃপক্ষকে। বাকি টাকা ২০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। মাঠ ভাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহার যুক্তি, রায়গঞ্জ পুরসভা জমির ভাড়া বাবদ তিন বছর ধরে তাদের প্রাপ্য ১৫ লক্ষ টাকা পরিশোধ করছে না। গত মে মাসে ৩০ দিনের মধ্যে বকেয়া মেটানোর নোটিশ দিলেও, পুরসভা তাতে কর্ণপাত করেনি। পাশাপাশি স্থায়ী শিক্ষক না থাকায় অস্থায়ী শিক্ষক রাখা, বিল্ডিং সংস্কার ও বিদ্যালয়ের দৈনন্দিন কাজকর্ম পরিচালনায় আর্থিক সংকট দেখা দিয়েছে। তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত বলে তিনি জানান।

প্রধান শিক্ষকের বক্তব্য, ‘স্কুলের মাঠের দুই দিকের দুটি শেড প্রতি মাসে ৩০ হাজার টাকা চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। পুরসভার বকেয়া না পাওয়ায় বিদ্যালয়ের আর্থিক ও উন্নয়নমূলক কাজে চাপ তৈরি হয়েছে। এর আগের সার্কাস কোম্পানি পুরো ভাড়া না দিয়ে চলে যাওয়ায় মাঠ সংস্কার করা যায়নি। তবে এবার মেলার শেষে মাঠটি সংস্কার করা হবে।’ অন্যদিকে বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক সুমন বসু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাঠটি আমাদের অধীনে রয়েছে এবং আমরা তা সংস্কারের বড় পরিকল্পনা নিয়েছি। অথচ আমাদের অন্ধকারে রেখে আর্থিক সংকটের অজুহাতে মাঠটি মেলা কোম্পানিকে দেওয়া ঠিক হয়নি। স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *