রায়গঞ্জ: ইঁদুর মারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টায় আর শেষরক্ষা হল না। রায়গঞ্জ (Raiganj) মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ১৯ বছর বয়সী এক তরুণের। মৃত তরুণের নাম গুলাব শেখ। বাড়ি রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের কুমারজোল গ্রামে। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে খবর, বুধবার দুপুর থেকেই গুলাব পেটে অসহ্য যন্ত্রণার কথা জানায়। প্রাথমিক অবস্থায় বিষয়টি সাধারণ মনে করে গ্রামেরই এক হাতুড়ে চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসায় সাময়িকভাবে সুস্থ বোধ করলেও রাত বাড়তেই যন্ত্রণার তীব্রতা বাড়ে।
অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসার শুরুতে চিকিৎসকদের কাছে গুলাব স্বীকার করে যে, সে ইঁদুর মারার বিষ পান করেছে। মেডিসিন বিভাগে তাকে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত হার মানে ১৯ বছরের এই তরুণ। বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালেই তার মৃত্যু হয়।
কেন এই চরম পথ বেছে নিল গুলাব, তা নিয়ে ধন্দে রয়েছে তার পরিবার ও প্রতিবেশীরা। রায়গঞ্জ থানায় ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর (UD Case) মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে এবং নেপথ্যে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
