উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের বলপ্রয়োগের তীব্র নিন্দা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। সোমবার সামাজিক মাধ্যম এক্স (X)-এ এক পোস্টে তিনি স্পষ্ট জানান, “ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর বলপ্রয়োগ করা ভুল। ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান বেরিয়ে আসতে পারে।”
উল্লেখ্য, হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) সরকারের শরিক দল হল কংগ্রেস। এমতাবস্থায় রাহুল গান্ধির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি ঝাড়খণ্ড সরকারকে অবিলম্বে ছাত্রদের কথা শুনে তাদের সমস্যার স্থায়ী সমাধান করার আহ্বান জানিয়েছেন।
এদিকে, সোমবার ঝাড়খণ্ডে চাকরিপ্রার্থীদের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের সৃষ্টি হয়। নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলন ১৭ দিনে পা দিল। মুখ্যমন্ত্রীর জন্মদিনের দিন পুরনো বিধানসভা ভবন থেকে আন্দোলনকারীরা মিছিল করে বিধানসভা চত্বরের দিকে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় জলকামান ও কাঁদানে গ্যাসের সেল।
গত ১৭ দিন ধরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-র পরীক্ষায় ব্যাপক সংস্কারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন পরীক্ষার্থীরা। এই আন্দোলনের সমর্থনে গত ৯ দিন ধরে অনশন চালিয়ে যাওয়া ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা (JLKM)-র নেতা দেবেন্দ্র নাথ মাহতো অ্যাম্বুলেন্সে করে মিছিলে যোগ দেন।

