PT Usha | প্রিয়জনকে হারালেন পিটি উষা, প্রয়াত স্বামী ভি শ্রীনিবাসন! ফোন করে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী

PT Usha | প্রিয়জনকে হারালেন পিটি উষা, প্রয়াত স্বামী ভি শ্রীনিবাসন! ফোন করে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  ভারতীয় ক্রীড়াজগতের কিংবদন্তি তথা রাজ্যসভার সাংসদ পিটি উষার (PT Usha) জীবনে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন তাঁর স্বামী ভি শ্রীনিবাসন (V Srinivasan)।  শুক্রবার ভোরে কেরালার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘ কয়েক দশকের দাম্পত্য জীবনে তিনি ছিলেন উষার সাফল্যের অন্যতম কাণ্ডারি।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে আচমকাই অসুস্থ বোধ করেন শ্রীনিবাসন। বাড়িতেই ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। কালবিলম্ব না করে তাঁকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে চিরঘুমের দেশে পাড়ি দেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে ক্রীড়ামহলে শোকের স্তব্ধতা নেমে এসেছে।

কেন্দ্রীয় সরকারি কর্মী হিসেবে কর্মরত ছিলেন ভি শ্রীনিবাসন। ১৯৯১ সালে অ্যাথলিট পিটি উষার সঙ্গে তাঁর বিবাহ সম্পন্ন হয়। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। পিটি উষার দীর্ঘ ও বর্ণময় ক্রীড়া কেরিয়ারে শ্রীনিবাসন শুধু স্বামী নন, ছিলেন ছায়ার মতো সঙ্গী। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যখন উষা ভারতের হয়ে লড়াই করতেন, তখন নেপথ্যে শক্তির জোগান দিতেন শ্রীনিবাসন। উষার অবসরের পর যখন তিনি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হন বা রাজনীতির আঙিনায় রাজ্যসভা সাংসদ হিসেবে পা রাখেন, প্রতি ক্ষেত্রেই স্ত্রীর পাশে স্তম্ভের মতো দাঁড়িয়ে ছিলেন তিনি। উষা নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে স্বামী শ্রীনিবাসনকে তাঁর জীবনের শ্রেষ্ঠ ‘সাপোর্ট সিস্টেম’ হিসেবে উল্লেখ করেছেন।

শ্রীনিবাসনের প্রয়াণের খবর পেতেই শোকাতুর পিটি উষাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi Condolences)। তিনি সাংসদের স্বাস্থ্যের খোঁজ নেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ‘এক্স’ হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘শ্রীনিবাসন ছিলেন পিটি উষার সাফল্যের অবিচ্ছেদ্য অংশ। তাঁর প্রয়াণ ভারতীয় ক্রীড়া পরিবারের জন্য এক বড় ক্ষতি।’

বর্তমানে কেরালার বাড়িতে ভি শ্রীনিবাসনের শেষকৃত্যের প্রস্তুতি চলছে। সেখানে বহু ক্রীড়াবিদ ও গুণমুগ্ধরা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *