উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের শেষ লগ্নে অর্থাৎ ৩১ ডিসেম্বর একগুচ্ছ কর্মসূচি সেরে বাংলা ছেড়েছিলেন। ঠিক ৩০ দিনের মাথায় ফের বঙ্গ সফরে (West Bengal) আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় প্রান্তেই বিজেপির জোড়া কর্মসূচিতে যোগ দিতে আজ অর্থাৎ শুক্রবার রাতেই কলকাতায় পা রাখছেন তিনি।
দলীয় সূত্রে খবর, এদিন রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যাবেন নিউটাউনের একটি হোটেলে। সেখানেই তাঁর নৈশবাসের ব্যবস্থা করা হয়েছে। তবে আজ রাতে তাঁর কোনও পূর্বঘোষিত কর্মসূচি নেই।
শনিবার সকাল থেকেই শার কর্মসূচি শুরু হতে চলেছে। সফরের রূপরেখা অনুযায়ী, শনিবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ অমিত শা পৌঁছাবেন ব্যারাকপুরে। সেখানে উত্তর ২৪ পরগনার সাংগঠনিক বৈঠক বা বিশেষ কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। ব্যারাকপুরের কর্মসূচি শেষ করেই তিনি দ্রুত ফিরবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে বিশেষ বিমানে রওনা দেবেন বাগডোগরার উদ্দেশে। বাগডোগরা বিমানবন্দরের অদূরেই এয়ারফোর্স ময়দানে (Siliguri) বিজেপির একটি বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আশা করা হচ্ছে, বেলা সাড়ে তিনটের মধ্যে শা সেখানে পৌঁছে কর্মীদের উদ্দেশে বার্তা দেবেন।
শিলিগুড়ির এই কর্মী সম্মেলনই হবে তাঁর সফরের শেষ কর্মসূচি। এরপর বিকেল সাড়ে ৪টা নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক মাসের ব্যবধানে শার এই ঘনঘন সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গকেই সমান গুরুত্ব দিয়ে সংগঠনকে চাঙ্গা করাই এই সফরের মূল লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
