উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পাঁচ দশকের বর্ণময় কর্মজীবন, টলিউডের বিবর্তন আর প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের হৃদয়ে রাজত্ব করার পর অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোমবার, ২৫ মে রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার সেরিমনি’-তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিনেতাকে ‘পদ্মশ্রী’ (Padmashri) সম্মানে ভূষিত করবেন। বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এটি এবারের পদ্ম পুরস্কার তালিকার সবচেয়ে বড় আকর্ষণ।
৩৫০-এরও বেশি ছবিতে অভিনয় করা প্রসেনজিৎ একসময়ের বাণিজ্যিক ছবির ‘একচ্ছত্র অধিপতি’ থেকে নিজেকে ভেঙে যেভাবে ‘অটোগ্রাফ’, ‘জাতিস্মর’, ‘মনের মানুষ’ বা ‘গুমনামি’-র মতো বৈচিত্র্যময় চরিত্রে প্রতিষ্ঠিত করেছেন, তা ভারতীয় চলচ্চিত্রে বিরল। তাঁর এই সম্মানকে কেবল একজন ব্যক্তির সাফল্য নয়, বরং বাংলা সিনেমার গৌরব হিসেবেই দেখছে চলচ্চিত্র মহল।
সোমবারের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। এবার মোট ১৩১টি পদ্ম সম্মানের ঘোষণা করা হয়েছে। বিনোদন জগতের বিশিষ্টদের মধ্যে মালয়ালম সুপারস্টার মামুট্টি ও প্রখ্যাত কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক পাচ্ছেন ‘পদ্মভূষণ’। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত করা হচ্ছে। এছাড়া, আর মাধবন ও অরবিন্দ বৈদ্য ‘পদ্মশ্রী’ পাচ্ছেন এবং প্রয়াত অভিনেতা সতীশ শাহকে মরণোত্তর ‘পদ্মশ্রী’ প্রদান করা হবে।
পুরস্কার তালিকায় বিনোদন জগতের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের ৪৫ জন সমাজকর্মীর অবদানকেও স্বীকৃতি জানানো হচ্ছে, যাঁরা স্বাস্থ্য, শিক্ষা ও নারীকল্যাণের মতো ক্ষেত্রে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। তবে সোমবার বিকেলে সমগ্র বাংলার নজর থাকবে রাষ্ট্রপতি ভবনের সেই মঞ্চের দিকে, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে উঠবে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই অসামরিক সম্মান।
