Prashanta Barman | হাইকোর্টের কড়া নির্দেশ! প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে ১০ দিনের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

Prashanta Barman | হাইকোর্টের কড়া নির্দেশ! প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে ১০ দিনের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের মামলায় বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার মূল অভিযুক্ত তথা প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে (Prashanta Barman) আগামী ১০ দিনের মধ্যে গ্রেপ্তার করার জন্য রাজ্য পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার এক শুনানিতে আদালতের এই নির্দেশ ঘিরে রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় ধৃত কোচবিহারের প্রভাবশালী তৃণমূল নেতা সজল সরকারের জামিনের আবেদন এদিন হাইকোর্টে খারিজ হয়ে যায়। শুনানি চলাকালীনই প্রশান্ত বর্মনের গ্রেপ্তার না হওয়া নিয়ে পুলিশের বিরুদ্ধে চরম উষ্মা প্রকাশ করেন বিচারপতিরা। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন এতদিন অভিযুক্ত গ্রেপ্তার হয়নি, তা নিয়ে এদিন তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। আদালতের নির্দেশ, আগামী ১০ দিনের মধ্যে প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া নিউটাউনের ঘটনার তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

গত অক্টোবরে সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের ঘটনায় রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের নাম মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে। এরপর তাঁকে পদ থেকে অপসারিত করা হয়। দীর্ঘ সাত মাস তিনি ফেরার থাকলেও সম্প্রতি নিউটাউনের রাস্তায় তাঁর মত্ত অবস্থায় ‘দাদাগিরি’র একটি ভিডিও ভাইরাল হয়। যদিও পুলিশ তাঁকে সে সময় গ্রেপ্তার করলেও বিকেলের মধ্যেই তাঁর জামিন হয়ে যায়, যা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

হাইকোর্টের এই কড়া নির্দেশের পর এখন রাজ্য পুলিশ প্রশান্ত বর্মনকে কত দ্রুত জালে তুলতে পারে, সেটাই দেখার। আদালতের এই পর্যবেক্ষণ ও পরবর্তী পদক্ষেপ স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলাটিকে নতুন মোড় দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *