উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউডের ‘ইন্ডাস্ট্রি’র মুকুটে যুক্ত হলো নতুন পালক। চার দশকেরও বেশি সময় ধরে বাংলা বিনোদন জগতকে আগলে রাখার স্বীকৃতি অবশেষে মিলল জাতীয় স্তরে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে, রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষিত পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় জ্বলজ্বল করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করল ভারত সরকার। তবে প্রসেনজিৎ ছাড়াও বাংলা থেকে চলতি বছরে এই সম্মান পাচ্ছেন আরও ১০ জন। গত বছর অরিজিৎ সিংহ, মমতাশঙ্কররা এই সম্মান পেয়েছেন।
এই প্রাপ্তি যেন অভিনেতার কাছে ‘ডবল ধামাকা’। সরস্বতী পুজোর ঠিক আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘বিজয়নগড়ের হীরে’। দীর্ঘ চার বছর পর এই ছবির হাত ধরেই পর্দায় ফিরেছেন বাঙালির প্রিয় ‘কাকাবাবু’। প্রেক্ষাগৃহে যখন তাঁর কামব্যাক নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই এল এই রাষ্ট্রীয় সম্মান।
সিনেমাপ্রেমীদের মতে, বাংলা মূলধারার বাণিজ্যিক ছবিকে একসময় একহাতে টেনে নিয়ে গিয়েছেন তিনি। আবার পরবর্তীকালে নিজেকে ভেঙেছেন অন্যধারার ছবিতেও। তাঁর এই অপরিসীম অবদান এবং নিরলস পরিশ্রমকেই কুর্নিশ জানাল কেন্দ্র। পদ্মশ্রী পাওয়ার খবরে খুশির হাওয়া টলিউড ফ্যানক্লাব থেকে শুরু করে গোটা বাংলা বিনোদন জগতে। কাকাবাবুর নতুন অভিযানের সাফল্যের মাঝেই এই সম্মান যেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কেরিয়ারের এক সোনালী অধ্যায় হয়ে রইল।
