উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড এবং দেশজুড়ে ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan resignation)। তাঁর পদত্যাগের পরই দেশের শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব (New Schooling Minister) দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে (Pralhad Joshi)। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করার পর এই রদবদল ঘোষণা করা হয়।
দায়িত্ব গ্রহণের পরই ৬৩ বছর বয়সি যোশী জানান, সম্পূর্ণ নিষ্ঠা, বিনয় এবং সততার সঙ্গেই তিনি এই নতুন দায়িত্ব পালন করবেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁকে একটি ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব’ দিয়ে তাঁর উপর আস্থা রেখেছেন। তিনি এই সুযোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) ধন্যবাদ জানান। সেই সঙ্গে বলেন, ‘শিক্ষামন্ত্রকের প্রত্যাশা পূরণের জন্য আমি প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আন্তরিকভাবে কাজ করব।’
যোশী আরও বলেন, ‘বিগত চার-পাঁচ বছরে ধর্মেন্দ্র প্রধান জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়ন করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি জানান, নতুন শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তাকে এগিয়ে নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর। বর্তমানে শিক্ষামন্ত্রকের এই অতিরিক্ত দায়িত্বের পাশাপাশি নিজের আগের দপ্তর অর্থাৎ নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এবং উপভোক্তা, খাদ্য ও জনবণ্টন মন্ত্রকের দায়িত্বেও বহাল থাকছেন কর্ণাটকের ধারওয়াড়ের এই লোকসভা সাংসদ।
অন্যদিকে, নিট পরীক্ষার্থীদের আন্দোলন এবং জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই যে তিনি পদত্যাগ করেছেন, তা সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করেছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, যন্তরমন্তর ও দেশের অন্যান্য প্রান্তে চলা আন্দোলনকে যাতে কোনও ‘দেশবিরোধী’ শক্তি নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই কারণেই এই সিদ্ধান্ত। প্রধানের পদত্যাগের পরেই সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে দিল্লির যন্তরমন্তরে চলা বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। সরকারের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের আশ্বাসের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

