উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এনডিটিভি আয়োজিত ওয়ার্ল্ড সামিটের মঞ্চে শুক্রবার বক্তব্য পেশ করার সময় বর্তমান পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিকে “দুই ব্যবস্থার মধ্যবর্তী বিশ্ব” বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে পুরোনো আন্তর্জাতিক সংগঠনগুলির অসারতা ফুটে উঠছে উল্লেখ করে বিশ্বজুড়ে শক্তিশালী পরিকাঠামো নির্মাণ, বিশ্ব দক্ষিণ বা ‘গ্লোবাল সাউথ’-এর কণ্ঠস্বর বৃদ্ধি এবং যৌথ আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা বিশ্বকে এই শিক্ষাই দিয়েছিল যে শুধুমাত্র পেশিশক্তি বা স্বার্থ দিয়ে বিশ্বব্যবস্থা পরিচালিত হতে পারে না; তার জন্য প্রয়োজন সংলাপ, পারস্পরিক সাহায্য এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি। এই মূল ভাবনার ওপর ভর করেই তৈরি হয়েছিল জাতিসংঘ (United Nations)। দীর্ঘ সময় ধরে শান্তি রক্ষায় সংস্থাটি ভূমিকা পালন করলেও নতুন নতুন অর্থনীতি ও শক্তির উত্থান এবং বর্তমানের জটিল চ্যালেঞ্জগুলির সামনে এর সক্ষমতা আজ প্রশ্নের মুখে পড়েছে।
মোদি বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির একটি ঐতিহাসিক ভূমিকা ছিল। কিন্তু আজকের চ্যালেঞ্জগুলির মুখোমুখি দাঁড়িয়ে তাদের সীমাবদ্ধতা এখন স্পষ্ট দেখা যাচ্ছে।’’ বর্তমান ভূ-রাজনৈতিক সংকটের কথা মনে করিয়ে দিয়ে মোদি জানান যে, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি এমনকি সামুদ্রিক পথগুলিকেও এখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই প্রসঙ্গে প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ চাণক্যের উদাহরণ টেনে তিনি বলেন, “অপ্রণীতঃ তু মাৎস্যান্যায়ম উদ্ভাবয়তি”, অর্থাৎ সঠিক বিচার বা আইনের শাসন না থাকলে সমুদ্রে যেমন বড় মাছ ছোট মাছকে গিলে খায়, ঠিক তেমনই ‘মাৎস্যান্যায়’ পরিস্থিতি তৈরি হয়। এই অবক্ষয় রুখতে বিশ্ব শাসনের সংস্কার ও পুনর্গঠন অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রীর এই সুরই সম্প্রতি শোনা গিয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) কণ্ঠেও। দিল্লির ৫ নম্বর কৌটিল্য অর্থনৈতিক কনক্লেভে বক্তব্য রাখার সময় তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে জাতিসংঘ আজ একটি অচল অবস্থায় পৌঁছেছে। ইউক্রেন সংকট বা উপসাগরীয় অঞ্চলের মতো বড় যুদ্ধ পরিস্থিতি, কিংবা কোভিড মহামারির মতো আন্তর্জাতিক সংকটে সিদ্ধান্তের দিক থেকে জাতিসংঘ কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। নিরাপত্তা পরিষদ সমকালীন বিশ্ব বাস্তবতার প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হওয়ায় বৈশ্বিক সমস্যা সমাধানে এটি অচলাবস্থার মুখোমুখি হচ্ছে বলে তিনি মত প্রকাশ করেন।

