উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে সপ্তমীর সন্ধ্যায় ভিড়ের মধ্যে ‘মণ্ডপ ভেঙে যাচ্ছে’ বলে বিভ্রান্তিকর ঘোষণা ও গুজব ছড়ানোর অভিযোগে দ্বিতীয় ঘোষক কুশল মজুমদারকে গ্রেপ্তার করল পুলিশ। এর আগে বৃহস্পতিবার একই অভিযোগে নদিয়া থেকে গ্রেপ্তার করা হয় পুজো কমিটির কোষাধ্যক্ষ সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে। ধৃত কুশলকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। সেন্টুকে শুক্রবার ব্যাংকশাল আদালতে হাজির করা হবে।
চোরবাগানের মণ্ডপে দর্শনার্থীর অতিরিক্ত ভিড় ও ঠেলাঠেলির সময় হঠাৎ মাইকে মণ্ডপ ভেঙে পড়ার ঘোষণায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়িতে মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন একাধিক দর্শনার্থী। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিও ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই মাইকে সবাইকে দ্রুত বেরিয়ে যেতে বলা হচ্ছে, যা আতঙ্ক আরও বহুগুণ বাড়িয়ে দেয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্তরা। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ দেখে দুজন ঘোষককে চিহ্নিত করেন।
তদন্তে জানা গিয়েছে, ধৃত সেন্টু ও কুশল – দুই অভিযুক্তের বাড়ি মণ্ডপ থেকে মাত্র ৫০ মিটারের মধ্যে অমর বসু সরণিতে। মণ্ডপের বাইরে যাওয়ার গেটের পাশে থাকা ঘর থেকে মাইকে ওই ঘোষণা করা হয়েছিল। চরম বিশৃঙ্খলার মুহূর্তে কার নির্দেশে এমন উদ্দেশ্যপ্রণোদিত বা দায়িত্বজ্ঞানহীন ঘোষণা করা হয়েছিল, তা খতিয়ে দেখছে লালবাজার।

