ফেশ্যাবাড়ি: রবিবার দুপুরে কোচবিহার (Cooch Behar)-২ ব্লকের হাঁসখাওয়া ফেরি ঘাটে তোর্ষা (Torsha) নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হলো এক কিশোর। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ ওই স্কুলছাত্রের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
রবিবার দুপুরে স্থানীয় আঠারোকোটা কালপানি গ্রামের বাসিন্দা ইমরান ইসলাম (১৪) তার কয়েকজন বন্ধুর সঙ্গে তোর্ষা নদীতে স্নান করতে গিয়েছিল। রেল সেতুর নিচে নদীতে নামার পরই হঠাৎ জলের তোড়ে সে তলিয়ে যায়। নিখোঁজ কিশোর খট্টিমারী বীরেন্দ্র বর্মন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
ঘটনার খবর চাউর হতেই তোর্ষা নদীর পাড়ে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুণ্ডিবাড়ি (Pundibari) থানার পুলিশ। কিশোরের সন্ধানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরি দল এবং স্পিডবোর্ড নামানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, নদীতে উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
