উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২০ সালের রক্তক্ষয়ী গালওয়ান উপত্যকা সংঘাতের (Galwan Conflict) পর এই প্রথম ভারতের মাটিতে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (PM Modi-Xi Jinping)। আগামী ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে (New Delhi) শুরু হতে চলা ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকটি (Bilateral Assembly) অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। দীর্ঘ সামরিক উত্তেজনা, কূটনৈতিক শীতলতা এবং অর্থনৈতিক সম্পর্কের অবনতির পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এই সম্ভাব্য বৈঠককে একটি ইতিবাচক পর্ব হিসেবে দেখা হচ্ছে।
শনিবার ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছানোর কথা চিনের প্রেসিডেন্টের। ভারতের আয়োজনে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত সাত বছরের মধ্যে এটিই শি জিনপিংয়ের প্রথম ভারত সফর এবং সীমান্ত সংকটের পর এই প্রথম তিনি ভারতে আসছেন। যদিও এই উচ্চপর্যায়ের বৈঠক বা সফর নিয়ে নয়াদিল্লি ও বেজিংয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।
সম্প্রতি কিরগিজস্তানের বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) শীর্ষ সম্মেলনে দুই রাষ্ট্রনেতা একই মঞ্চে উপস্থিত ছিলেন। সেখানে তাঁরা সৌজন্যমূলক করমর্দনও করেন তবে কোনও আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। ফলে এবারের ব্রিকস সম্মেলনের ফাঁকে এই সম্ভাব্য বৈঠককে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে বিশেষ নজর রয়েছে ওয়াকিবহাল মহলের। দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে দুই এশীয় পরাশক্তির কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব।

