ফাঁসিদেওয়া: মাত্র ১৫ দিনের রিহার্সাল। আর তাতেই দর্শকাসনে থাকা সকলের মন জিতে নিল অলিভিয়া এনলাইটেন্ড ইংলিশ স্কুলের পড়ুয়ারা। বিধাননগরের এই স্কুলে শনিবার ও রবিবার দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হল স্পেক্ট্রা রেইনবো এবং স্পেক্ট্রা লুমিনা।
২ দিনের এই অনুষ্ঠান মন কেড়েছে সকলের। রবিবার কেরালার কথাকলি নাচ পরিবেশিত হয়েছে। পড়ুয়ারা স্বাগত নৃত্যে ক্রিস্টের রাজ্যাভিষেক মঞ্চস্থ করে। এছাড়াও, এদিন ওডিসি নৃত্য, ফোক, পাঞ্জাবী নৃত্য, আলাদিনের ম্যাজিক ল্যাম্প লাইটিং নাটক, হিপহপ সহ নানা অনুষ্ঠান হয়েছে।
প্রথমদিন শনিবার নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত খুদে পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। ওইদিন প্রথম থেকে তৃতীয় শ্রেণির পড়ুয়ারা ৩৫ মিনিটের একটি নরশিমা অ্যাক্ট করেছে। এলকেজির পড়ুয়ারা বার্বি ডান্স করে দর্শকদের মন জিতে নিয়েছে।
এদিন অতিথি আসন উজ্জ্বল করেছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, এসজেডিএ বোর্ড মেম্বার কাজল ঘোষ, নকশালবাড়ি কলেজের প্রিন্সিপাল সবিতা মিশ্রা, ফিলানথ্রপিস্ট রবীন্দ্র জৈন সহ বিশিষ্টরা। স্বাগত নৃত্যের পর প্রদীপ প্রজ্জ্বলনের পর শুরু হয় মূল অনুষ্ঠান।
অলিভিয়া এনলাইটেন্ড ইংলিশ স্কুলের ডাইরেক্টর সুতপা নন্দী, চেয়ারম্যান তপন ঘোষ, স্কুলের প্রিন্সিপাল আম্বালিকা গাহাতরাজ তো ছিলেনই। সেইসঙ্গে, দর্শকাসনে অভিভাবকদের ভিড় ছিল লক্ষ্যনীয়। সুতপা নন্দী বলেন, ‘মাত্র ১৫ দিনের রিহার্সালে বাচ্চারা যা করে দেখিয়েছি তা নিয়ে সকলেই প্রশংসা করেছেন।’
স্কুলের ডাইরেক্টরের মন্তব্য, ‘পড়ুয়ারা এত ভালো উপভোগ্য পরিবেশনা করেছে যে, আমরা ভাষা হারিয়েছি। দর্শকদের হাসিয়েছে, কাঁদিয়েছে। ওঁরাই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে এটা আমাদের সকলের বিশ্বাস।’
