উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ১২ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে চলেছে ফুটবলের মহাযজ্ঞ— ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup)। ভারত এই টুর্নামেন্টে অংশগ্রহণ না করলেও, তাতে কেরালার ফুটবল প্রেমীদের উৎসাহে এতটুকু ভাটা পড়েনি। বরং বিশ্বকাপ যত এগিয়ে আসছে, কেরালা জুড়ে ফুটবল উন্মাদনা যেন নতুন উচ্চতায় পৌঁছেছে।
কেরালার অলিগলি এখন বিশ্বকাপের রঙে রঙিন। বিশেষ করে রাজ্যের ‘ফুটবল-হার্টল্যান্ড’ হিসেবে পরিচিত মালাপ্পুরমে (Malappuram) এখন উৎসবের মেজাজ। রাস্তার দুপাশ ছেয়ে গেছে প্রিয় দলের পতাকা আর ব্যানারে। একদিকে আর্জেন্টিনার নীল-সাদা তো অন্যদিকে ব্রাজিলের হলুদ জার্সি—একে অপরের পাশাপাশি সেজে উঠেছে এলাকাগুলো। ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও ফ্রান্স, স্পেন, জার্মানির মতো দেশগুলোর পতাকাও শোভা পাচ্ছে বিভিন্ন পাড়ায়। স্থানীয়দের কাছে এই অঞ্চলগুলো এখন আর কেবল সাধারণ রাস্তা নয়, বরং এক একটি ‘অনানুষ্ঠানিক ফ্যান জোন’।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কেরালার ফুটবল উন্মাদনার একাধিক দৃশ্য ভাইরাল হয়েছে। কোথাও দেখা গেছে ব্রাজিলের বিশাল এক ব্যানার নিয়ে সমর্থকদের মিছিল, আবার কোথাও লেকের মাঝখানে বসানো হয়েছে লিওনেল মেসির লাইফ-সাইজ কাটআউট। ঢোল-তাসা আর রঙিন আতশবাজির শব্দে কেরালা এখন যেন ছোটখাটো এক ফুটবল স্টেডিয়াম।
বিশ্বকাপের এই আসরটি নিয়ে সমর্থকদের মধ্যে এক অন্যরকম আবেগ কাজ করছে। ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার এবং লিওনেল মেসির মতো কিংবদন্তিদের জন্য তৈরি করা ‘লাস্ট ড্যান্স’ (Final Dance)-এর বিশাল বোর্ডগুলোও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়েছে। অনেক সমর্থকই মনে করছেন, এটিই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ত্রয়ীর শেষ বিশ্বকাপ। সেই আবেগ থেকেই টুর্নামেন্ট শুরুর আগেই এই ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করছেন কেরালাবাসী।
ফুটবলকে ঘিরে এই প্রবল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও কেরালায় বজায় রয়েছে এক অদ্ভুত সৌহার্দ্য। বিভিন্ন দেশের সমর্থকরা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যঙ্গ-বিদ্রূপ (pleasant banter) এবং আনুগত্য প্রদর্শনের মাধ্যমে বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। খেলার ফলাফল যাই হোক, কেরালার এই ফুটবলপ্রেমীরা আবারও প্রমাণ করে দিলেন যে—ফুটবল কেবল একটি খেলা নয়, এটি একটি আবেগ।
