নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ শতরান করাটা তিনি অভ্যাসে পরিণত করেছেন। অধিনায়ক হিসেবে দলকে ভরসা দেওয়ার স্কিলটাও তাঁর জানা। তিনি চন্দ্রহাস দাস। অনূর্ধ্ব-১৯ বাংলা দলের অধিনায়ক। অসমের বিরুদ্ধে গত ম্যাচে তিন নম্বরে নেমে ১৭২ বলে ১২৪ রান করেছিলেন। এবার কল্যাণীর বাংলা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সবকিছুকে ছাপিয়ে নয়া ইতিহাস গড়লেন তিনি। চণ্ডীগড়ের বিরুদ্ধে কোচবিহার ট্রফির চলতি ম্যাচে ৩৩২ বলে ৩১৯ রানের ইনিংস খেলে ভারতীয় ক্রিকেটে হইচই ফেলেছেন চন্দ্রহাস। রবিবারই দ্বিশতরান পূর্ণ করেছিলেন। সোমবার থামলেন ত্রিশতরানের ইতিহাস গড়ে। ৩১৯ রানের ইনিংস গড়ার পথে ৫৩টি বাউন্ডারি ও ১০টি ছক্কা হাঁকিয়েছেন চন্দ্রহাস। বিরাট কোহলির অন্ধভক্ত চন্দ্রহাসের ব্যাটে ভর দিয়ে চণ্ডীগড়ের বিরুদ্ধে অনায়াস জয়ের পথে বাংলা অনূর্ধ্ব-১৯ দল।
প্রথম বাঙালি হিসেবে কয়েকদিন আগেই রিচা ঘোষ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। আজ প্রথম বাঙালি হিসেবে কলকাতার রাজারহাটের বাসিন্দা চন্দ্রহাস কোচবিহার ট্রফিতে ত্রিশতরান করে ইতিহাস গড়েছেন। কোহলির ভক্ত চন্দ্রহাস সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ সংবাদ-কে বলছিলেন, ‘সুযোগ কাজে লাগাতে পেরে ভালো লাগছে। ত্রিশতরান করে দলকে ভরসা দিতে পেরে গর্বিত আমি।’ অনূর্ধ্ব-১৯ বাংলা দলের কোচ সৌরাশিস লাহিড়িও তাঁর দলের অধিনায়ককে নিয়ে আবেগে ভাসছেন। সৌরাশিসের কথায়, ‘শেষ দুই-তিন বছর ধরে চন্দ্রহাসকে দেখছি। অসম্ভব প্রতিভাবান ও। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বিরল গুণ রয়েছে ওর মধ্যে। আমি নিশ্চিত, চন্দ্রহাস আগামীদিনে বাংলাকে আরও সাফল্য এনে দেবে।’
