পতিরাম: ক্লাসরুমে আর কোনও ব্যাকবেঞ্চার থাকবে না—এই ধারণা বাস্তবে রূপ পেতে শুরু করেছে কেরালার বিদ্যালয়গুলোতে। সামাজিক মাধ্যমে আলোচিত এই নতুন শিক্ষাপদ্ধতির নাম ‘ইউ’-আকৃতির আসনবিন্যাস। এতে শিক্ষার্থীরা (College students) ‘ইউ’ আকৃতিতে বসে এবং শিক্ষক কেন্দ্রীয় অবস্থানে দাঁড়িয়ে প্রত্যেকের উপর সমানভাবে নজর রাখতে পারেন। এরফলে পিছনে বসা পড়ুয়াদের অবহেলিত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।
এক সিনেমা থেকে অনুপ্রাণিত এই পদক্ষেপ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পাচ্ছে। কেরালার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এবার এই রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার (Dakshin Dinajpur) খাঁপুর উচ্চ বিদ্যালয়ে ‘ইউ’ পদ্ধতি লেখাপড়া চালু করলেন শিক্ষক ঝন্টু হালদার। তিনি জানান, ‘আমার শ্রেণিকক্ষে কেউ আর লাস্ট বেঞ্চে নয়, সবাই প্রথমসারির পড়ুয়া।’
শিক্ষকের এমন উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ উৎসাহ দেখা গেছে। তারা জানিয়েছে, ‘এমন আসন বিন্যাসে পড়াশোনায় মনোযোগ ও আত্মবিশ্বাস উভয়ই বাড়ছে। আমরা অনেক কিছু শিখতে পারছি।’ অন্যদিকে, এই পরিবর্তন নতুন প্রজন্মের শিক্ষাদানে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মনে করছেন শিক্ষা মহল।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যজুড়ে যেখানে নিত্যদিন শিক্ষা ব্যবস্থার হতশ্রী ছবিটা উঠে আসে, সেখানে দাঁড়িয়ে খাঁপুর উচ্চ বিদ্যালয়ের এমন চিন্তাভাবনা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
