উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই ‘স্বচ্ছতা’ রক্ষায় বিশেষ জোর দিয়েছে বর্তমান সরকার। সেই ধারা বজায় রেখে বুধবার সাতসকালে গঙ্গার ঘাট পরিষ্কার রাখতে খোদ সাফাই অভিযানে (Cleanliness Drive) শামিল হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এদিন সকালে তিনি কলকাতার বাগবাজার মায়ের ঘাট (Bagbazar Ghat) পরিদর্শনে যান। সেখানে ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়ার পাশাপাশি নিজের হাতে ঝাঁটা নিয়ে সাফাই অভিযানে নেমে পড়েন মুখ্যমন্ত্রী।
কয়েকদিন আগেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক একটি বিশেষ কর্মসূচির। পাঁচ দিনব্যাপী এই মেগা অভিযানের আজ, ১৭ জুন ছিল গঙ্গা পরিষ্কারের দিন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই এদিন সকালে বাগবাজার ঘাটে পৌঁছান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে এই অভিযানে অংশ নেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায় সহ অন্যান্যরা।
এদিন ঘাটে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন। এরপরই শুরু হয় আসল তদারকি। ঝাড়ু হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাপস রায়কে একসঙ্গে মায়ের ঘাট পরিষ্কার করতে দেখা যায়। সাফাই অভিযান শেষে মুখ্যমন্ত্রী স্থানীয় মন্দিরে পুজোও দেন।
কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পাণ্ডে আগেই জানিয়েছিলেন, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রেড রোডের মূল কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীকে একটি পরিচ্ছন্ন তিলোত্তমা উপহার দিতেই এই বিশেষ উদ্যোগ। এই পাঁচ দিনে কলকাতার প্রতিটি গঙ্গার ঘাটের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় স্থান এবং সংলগ্ন বাজার এলাকাতেও পুরোদমে চলবে এই স্বচ্ছতা অভিযান।

