পুরাতন মালদা: ৭ দিনের মধ্যে পুরাতন মালদা পুরসভার নতুন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। অবশেষে স্পষ্ট নির্দেশ দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে দপ্তরের তরফে। আর তা জানাজানি হতেই তৃণমূল কাউন্সিলারদের মধ্যে নতুন দফায় তৎপরতা শুরু হয়েছে। জেলা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং বলেন, ‘পুরাতন মালদা পুরসভায় চেয়ারম্যান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।’ প্রসঙ্গত, দলীয় নেতৃত্বের নির্দেশে গত ২৪ নভেম্বর চেয়ারম্যান পদে ইস্তফা দেন কার্তিক ঘোষ। তারপর থেকে চেয়ারম্যান পদটি খালি। কে চেয়ারম্যান হবেন, তা নিয়ে বিভিন্ন জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে। প্রশাসনিক সূত্রে খবর, আগামী ১৭ ডিসেম্বর পুরসভায় বোর্ড মিটিং হবে। ওই বৈঠকেই নতুন চেয়ারম্যান নির্বাচিত হবেন। ফলে চেয়ারম্যান না থাকায় পুরসভার প্রশাসনিক কাজে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা দূর হবে।
