রায়গঞ্জ: পুরনো সম্পর্কের জেরে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় এক নার্সিং পড়ুয়ার আত্মহত্যার (Nursing Scholar Suicide) ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের বিশাহার গ্রামে। মৃত যুবকের নাম আবু কায়েম (২৪)। তিনি ব্যাঙ্গালোরের একটি বেসরকারি সংস্থায় স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক তরুণীর সঙ্গে আবু কায়েমের প্রেমের সম্পর্ক ছিল, যা বছরখানেক আগেই ভেঙে যায়। সম্প্রতি আবু কায়েমের অন্যত্র বিয়ে ঠিক হয়। পরিবারের দাবি, এই খবর পেয়েই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই তরুণী। প্রেম করার সময় তোলা ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি বুধবার সকালে সে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। এলাকায় ছবিগুলো ছড়িয়ে পড়লে আবু কায়েমের কানেও বিষয়টি পৌঁছায়। লোকলজ্জার ভয়ে এদিন দুপুর আড়াইটা নাগাদ নিজের শোয়ার ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন আবু কায়েম। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের মা নূরজাহান বেগমের অভিযোগ, তাঁর ছেলের সরলতার সুযোগ নিয়ে ওই তরুণী আপত্তিকর ছবি তুলে রেখেছিল এবং বিয়ে ভাঙার জন্য আজ তা সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মধ্যে শেয়ার করেছে। এই চরম অপমানই তাঁর ছেলের মৃত্যুর কারণ।
রায়গঞ্জ থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার পাশাপাশি আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত তরুণী ও তাঁর বাবা ফেরার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
